লিটারে সাড়ে ৯ টাকা কমলো জেট ফুয়েলের দাম

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অভ্যন্তরীণ রুটে লিটার প্রতি দাম কমে ১০৪.৬১ টাকা থেকে ৯৪.৯৩ টাকায় নেমেছে। আন্তর্জাতিক রুটে লিটার প্রতি দাম ৬৮ সেন্ট থেকে কমিয়ে ৬২ সেন্ট করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জেট ফুয়েলের দর কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

২০২৫ সালের মে মাসে প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম ঘোষণা করে বিইআরসি। তখন বলা হয়েছিল, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দাম প্রতি মাসে পরিবর্তিত হবে। এর আগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সময় মত দাম নির্ধারণ করতো।

বিপিসির প্রতিবেদন অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে জেট ফুয়েলের বিক্রি ছিল ৪ লাখ ৭১ হাজার ৫৩৫ মে. টন, যা ২০২৩-২৪ অর্থবছরে বেড়ে ৫ লাখ ৪১ হাজার ৩৩ মে. টনে পৌঁছেছে।

এর আগে ১৫ সেপ্টেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে জেট এ-১ ও ফার্নেস অয়েলের দাম নির্ধারণের দায়িত্ব ন্যস্ত করা হয় বিইআরসির। গত ২৩ মার্চ প্রথমবারের মতো গণশুনানি গ্রহণের মাধ্যমে জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়।

  • জেট ফুয়েল