চিকিৎসাসেবা সহজ করতে, চায়না ইস্টার্ন এয়ারলাইন্স চট্টগ্রাম থেকে কুনমিং রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে, যেন বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষ দক্ষিণ চীনের এই শহরের হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে সুবিধা পায়।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, শনিবার (২৯ মার্চ) এয়ারলাইন্সের কর্মকর্তারা চীন সফররত বাংলাদেশ প্রতিনিধিদলকে এ তথ্য নিশ্চিত করেছেন।
চীন ইতোমধ্যে বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য কুনমিংয়ের চারটি হাসপাতাল নির্ধারণ করেছে। তবে চীনে ভ্রমণের ক্ষেত্রে উচ্চ বিমান ভাড়া এই উদ্যোগের অন্যতম প্রধান বাধা হিসেবে বিবেচিত হচ্ছে।
কর্মকর্তারা জানিয়েছেন, চট্টগ্রাম ও কুনমিংয়ের মধ্যে পরিকল্পিত ফ্লাইট পরিচালিত হলে ভ্রমণ খরচ ও সময় উভয়ই কমে আসবে। ফলে আরও বেশি বাংলাদেশি চীনের স্বাস্থ্যসেবার সুবিধা নিতে পারবেন।
চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম জানিয়েছেন, কুনমিংয়ের হাসপাতালগুলোর নির্দিষ্ট ফ্লোর শুধু মাত্র বাংলাদেশিদের চিকিৎসার জন্য বরাদ্দ করা হয়েছে। চিকিৎসা খরচও তুলনামূলক কম বলেও তিনি উল্লেখ করেন।
কুনমিং ভ্রমণ সহজ করতে ঢাকা-কুনমিং ফ্লাইটের ভাড়া কমানোর উদ্যোগ নিয়েছে ঢাকা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ । চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে আরও বেশি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করা হবে।
এদিকে বাংলাদেশ আগামী এপ্রিল মাসে সাংবাদিকদের একটি বড় দল কুনমিং পাঠাবে। যাতে তারা চীনের চিকিৎসা সুবিধাগুলো সরাসরি পরিদর্শন করতে পারেন।
গত মাসে প্রথমবারের মতো বহু বাংলাদেশি চিকিৎসার উদ্দেশ্যে কুনমিং ভ্রমণ করেছেন। তারা হাসপাতালগুলোর মান সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেছেন, তবে অনেকেই ভ্রমণের ব্যয় বেশি হওয়াকে একটি চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন।
