দেশের একমাত্র জাতীয় পতাকাবাহী পরিবহণ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২৯ জানুয়ারি ২০২৬ থেকে ঢাকা-করাচি-ঢাকা রুটে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে।
প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে দুটি ফ্লাইট চালু করা হবে। ফ্লাইটগুলো প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার চলাচল করবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ঢাকা থেকে ফ্লাইটটি স্থানীয় সময় রাত ৮টায় ছেড়ে করাচিতে পৌঁছাবে রাত ১১টায়। অপরদিকে করাচি থেকে ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১২টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে ভোর ৪টা ২০ মিনিটে।
নতুন এই রুট চালুর ফলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাত্রী চলাচল আরও সহজ ও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে। এতে ব্যবসা, পর্যটন এবং পারিবারিক ভ্রমণেও নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা ও মানসম্মত সেবা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। আধুনিক উড়োজাহাজ ও দক্ষ ক্রুর মাধ্যমে এই ফ্লাইট পরিচালিত হবে, যা যাত্রীদের আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা দেবে।
টিকিট বুকিং ও ফ্লাইট সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয় অফিস, অনুমোদিত ট্রাভেল এজেন্ট, বিমান কল সেন্টার (১৩৬৩৬ / +৮৮০৯৬১০৯-১৩৬৩৬) অথবা বিমানের ওয়েবসাইটে (www.biman-airlines.com) যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
