বিমানের নতুন ১৪ টি বোয়িং আসতে সময় লাগবে ১০ বছর

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

দেশের একমাত্র জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের বহর সম্প্রসারণে ১৪টি নতুন বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ সংক্রান্ত চুক্তি চলতি মাসেই সই হওয়ার কথা রয়েছে। তবে এসব নতুন বিমানে যাত্রী পরিবহনের জন্য অপেক্ষা করতে হবে ২০৩১ সাল পর্যন্ত।

পরিকল্পনা অনুযায়ী, এই প্যাকেজে থাকছে ১০টি বোয়িং ড্রিমলাইনার (এর মধ্যে ৮টি ৭৮৭-১০ এবং ২টি ৭৮৭-৯ মডেল) ও ৪টি বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮। বোয়িং কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম বিমানটির ডেলিভারি দেওয়া হবে ২০৩১ সালের নভেম্বরে। পরবর্তীতে ধাপে ধাপে বিমান সরবরাহ চলবে এবং সর্বশেষ বিমানটি বহরে যুক্ত হবে ২০৩৫ সালের অক্টোবরে। অর্থাৎ, পুরো বহর হাতে পেতে অপেক্ষা করতে হবে প্রায় এক যুগ।

হাজার হাজার কোটি টাকার এই বৃহৎ ক্রয়চুক্তির অর্থায়নে সরকার দিচ্ছে ‘সার্বভৌম গ্যারান্টি’ (Sovereign Guarantee)। এর অর্থ হলো এই বিশাল অংকের ঋণ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এককভাবে পরিশোধ করতে ব্যর্থ হলে, রাষ্ট্র বা সরকার সেই দায়ভার গ্রহণ করবে। সরকারের এই নিশ্চয়তার ফলে আন্তর্জাতিক ঋণদাতা ও বিদেশি ব্যাংকগুলোর ঝুঁকি কমে যাবে, যা বিমানের জন্য অর্থায়ন প্রক্রিয়াকে সহজ করবে।

সরকারের গ্রিন সিগন্যাল পাওয়ার পরই চুক্তি সইয়ের প্রস্তুতি চূড়ান্ত করেছে বিমান কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা বলছেন, ডেলিভারিতে দীর্ঘ সময় লাগলেও ভবিষ্যতের আন্তর্জাতিক রুট সম্প্রসারণ, আধুনিক বহর গঠন এবং প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধিতে এই ১৪টি নতুন বিমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশ্লেষকরা বলছে, এটি একটি দীর্ঘমেয়াদি কৌশলগত বিনিয়োগ। তবে এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আর্থিক সক্ষমতা ও সেবার মান কতটা উন্নত হবে তা নির্ভর করবে সুষ্ঠু ব্যবস্থাপনা, লাভজনক রুট পরিকল্পনা এবং সময়োপযোগী সংস্কারের ওপর।

  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
  • বোয়িং