গত দুই মাস থেকে ঢাকাস্থ সুইডেন দূতাবাসে বেলজিয়ামের ভিসা আবেদন বন্ধ রয়েছে। এ সময়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত ভিএফএস গ্লোবাল অফিসে গিয়ে আবেদন করতে হত বাংলাদেশিদের। যা একদিকে যেমন অর্থের অপচয় হতো তেমনি সময়সাপেক্ষ ছিলো। তবে সেই ঝামেলা কাটিয়ে উঠতে সুখবর দিয়েছে বেলজিয়াম।
দিল্লিতে অবস্থিত বেলজিয়াম দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে জানায়, এখন থেকে দিল্লি নয়, ঢাকাতেই ভিসার আবেদন করতে পারবেন বাংলাদেশিরা। ১৬ নভেম্বর থেকে শুরু হবে এই প্রক্রিয়া।
বেলজিয়ামের দূতাবাস জানিয়েছে, বেলজিয়ামের ভিসা পেতে হলে যোগাযোগ করতে হবে ঢাকার বনানীর বোরাক মেহনূর, ৫১/বি, লেভেল ৭, কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে। ভিসা প্রত্যাশীদের আগে থেকে অ্যাপনমেন্ট নিয়ে নেওয়ার কথা জানিয়েছে বেলজিয়াম দূতাবাস।
বিজ্ঞপ্তিতে তারা আরও জানিয়েছে, রোববার থেকে সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে অফিস। অ্যাপয়নমেন্ট নিতে যোগাযোগ করতে হবে নির্ধারিত ওয়েবসাইটে।
এর আগে বাংলাদেশের নাগরিকদের বেলজিয়ামের সংক্ষিপ্ত ও দীর্ঘমেয়াদি ভিসা আবেদন ভিএফএস গ্লোবালের মাধ্যমে করতে হতো। এরআগে, ঢাকাস্থ সুইডেন দূতাবাস ভিসার কার্যক্রম করত।
