ভিসা, পারমিট ও অন্যান্য কনস্যুলার সেবা গ্রহণে আবেদনকারীদের জন্য যৌথ নির্দেশনা জারি করেছে বিশ্বের ১৩টি দেশ। বুধবার ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত বিবৃতি প্রকাশ করে।
নির্দেশনা প্রদানকারী দেশগুলো হলো— অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড এবং যুক্তরাজ্য।
যৌথ বিবৃতিতে বলা হয়, ভিসার জন্য আবেদন করতে হলে অবশ্যই নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। জাল কাগজপত্র ব্যবহার, অবিশ্বস্ত বা লাইসেন্সবিহীন এজেন্টের সহায়তা নেওয়া এবং অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান থেকে বিরত থাকার জন্য আবেদনকারীদের সতর্ক করা হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এ ধরনের অনিয়মের কারণে ভিসা প্রক্রিয়ায় বিলম্ব, আর্থিক ক্ষতি, সীমান্তে প্রবেশে বাধা এবং গুরুতর আইনি জটিলতা সৃষ্টি হতে পারে।
এছাড়া, কোনো দেশের দূতাবাস বা মিশন কোনো এজেন্টের সঙ্গে সম্পৃক্ত নয় বলেও স্পষ্ট করা হয়েছে। ভিসা প্রক্রিয়ায় বিশেষ সুবিধা বা প্রভাব বিস্তারের দাবি করে এমন মধ্যস্থতাকারীদের ওপর নির্ভর না করার পরামর্শ দেওয়া হয়েছে।
আবেদনকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাচাইকৃত তথ্য ও সংশ্লিষ্ট দেশের সরকারি চ্যানেলের মাধ্যমেই ভিসা সংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করতে। এতে আবেদন প্রক্রিয়া আরও নিরাপদ, স্বচ্ছ ও ন্যায্য হবে বলে মনে করছে সংশ্লিষ্ট দেশগুলো।
