ভারতের কলকাতা ও শিলিগুড়িতে পরিচালিত বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রগুলোতে আগামী ৩০ নভেম্বরের পর ভিসার আবেদন জমা না দেওয়ার অনুরোধ জানিয়েছে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন।
গত ১৭ নভেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের সঙ্গে ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের ভিসা আউটসোর্সিং সেবা-সংক্রান্ত চুক্তির মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হচ্ছে। সরকার চুক্তিটি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে প্রতিষ্ঠানটির পরিচালনায় থাকা কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র দুটি ৩০ নভেম্বরের পর বর্তমান ঠিকানায় আর কার্যক্রম চালাবে না।
এ অবস্থায় সব ধরনের ভিসা আবেদনকারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্ধারিত সময়ের পর ওই দুটি কেন্দ্রে আবেদন জমা না দেওয়ার জন্য অনুরোধ করেছে উপহাইকমিশন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন ভিসা আবেদন কেন্দ্রের ঠিকানা এবং সেগুলোর দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম শিগগিরই পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
