ঢাকা-চেন্নাই-ঢাকা রুটে সপ্তাহে তিনটির পরিবর্তে পাঁচ দিন ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী ১৩ নভেম্বর থেকে নতুন এ সূচি কার্যকর হবে বলে ১৫ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বেসরকারি বিমান সংস্থাটি।
বর্তমানে প্রতি সপ্তাহের মঙ্গলবার, বৃহস্পতিবার ও রোববার এ রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। নতুন সূচিতে শুক্রবার ও শনিবার আরও দুটি ফ্লাইট যুক্ত হওয়ায় সপ্তাহে মোট পাঁচ দিন চলবে এ রুটের বিমান চলাচল।
এ ফ্লাইট বৃদ্ধি চিকিৎসা ও ব্যবসায়িক কাজে চেন্নাইগামী যাত্রীদের পাশাপাশি দক্ষিণ ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও উপকূলীয় সৌন্দর্য উপভোগ করতে আগ্রহী পর্যটকদের যাতায়াত আরও সহজ করবে বলে আশা করছে এয়ারলাইন্সটি।
নতুন সূচি অনুযায়ী, ঢাকা থেকে ফ্লাইট বিএস ২০৫ সকাল ১০টা ৪৫ মিনিটে ছেড়ে চেন্নাই পৌঁছাবে দুপুর ১২টা ৫৫ মিনিটে। অন্যদিকে, চেন্নাই থেকে ফিরতি ফ্লাইট বিএস ২০৬ দুপুর ১টা ৫৫ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে বিকেল ৫টা ৫ মিনিটে। সব সময় স্থানীয় সময় অনুযায়ী নির্ধারিত।
দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে ১০টি দেশের ১৪টিরও বেশি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। পাশাপাশি দেশের অভ্যন্তরীণ পাঁচটি রুটেও সেবা দিচ্ছে সংস্থাটি। এয়ারলাইন্সটির বহরে রয়েছে এয়ারবাস এ৩৩০, বোয়িং ৭৩৭ ও এটিআর ৭২-সহ মোট ২৫টি উড়োজাহাজ।
২০১৯ সালের ৩১ মার্চ ঢাকা-চেন্নাই রুটে ফ্লাইট চালু করে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এর মাধ্যমে দক্ষিণ ভারতের সঙ্গে সরাসরি আকাশপথে যোগাযোগ স্থাপনকারী প্রথম বাংলাদেশি এয়ারলাইন্স হিসেবে যাত্রা শুরু করে সংস্থাটি। চালুর পর থেকেই এ রুটে বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে।
