নিষেধাজ্ঞা অমান্য করে ছেঁড়াদিয়ায় ভিড়, চাপে সেন্ট মার্টিনের পরিবেশ

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১ মাস আগে

সরকারি নিষেধাজ্ঞা ও সতর্কবার্তা উপেক্ষা করে প্রতিদিন ভোরেই প্রতিবেশ সংকটাপন্ন ছেঁড়াদিয়া দ্বীপে ভিড় করছেন পর্যটকেরা। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে এ বেপরোয়া পর্যটনচাপে পরিবেশ রক্ষা নিয়ে বিপাকে পড়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভোর হতেই সেন্ট মার্টিনের দক্ষিণ সৈকতে জড়ো হতে থাকেন পর্যটকেরা। পর্যটক যাতায়াতকে কেন্দ্র করে সৈকতের বালিয়াড়িতে তৈরি হয়েছে ইজিবাইক ও মোটরসাইকেলের অস্থায়ী স্ট্যান্ড। সেখানে শতাধিক মোটরসাইকেল ও শ-দেড়েক ব্যাটারিচালিত ইজিবাইক পার্ক করে রাখা হয়। পাশাপাশি বসেছে কয়েকটি দোকান।

জাহাজ থেকে নামার সঙ্গে সঙ্গে জেটিঘাট এলাকায় পরিবেশ অধিদপ্তরের মাইকিং শোনা যায়। কর্মীরা ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ নিষিদ্ধ থাকার ঘোষণা দেন। দ্বীপের প্রবেশমুখে সাইনবোর্ড, বাঁশের বেড়া ও লাল পতাকা থাকলেও পাশের ফাঁকা পথ দিয়ে পর্যটকেরা সহজেই ভেতরে ঢুকে পড়ছেন।

স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের ভাষ্য, ভোর চারটা থেকেই দক্ষিণ সৈকতে জড়ো হন হাজারো মানুষ। দিনের বেলায় কড়াকড়ির কারণে তাঁরা অন্ধকারেই ছেঁড়াদিয়ায় গিয়ে সকাল আটটার আগেই ফিরে আসেন। ইজিবাইকচালকেরা জানান, পর্যটকদের আগ্রহই তাঁদের এই ভোরের যাত্রার মূল কারণ।

ছেঁড়াদিয়া ঘুরে অনেক পর্যটকই প্রত্যাশা পূরণ না হওয়ার কথা জানান। নারায়ণগঞ্জ থেকে আসা নবদম্পতি সাফায়েত করিম ও শায়লা শারমিন বলেন, অন্ধকার ও কুয়াশার কারণে প্রকৃত সৌন্দর্য দেখা যায়নি। কুমিল্লা থেকে আসা হামিদুল হক বলেন, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এত মানুষের উপস্থিতি তাঁকে বিস্মিত করেছে।

সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত শত শত পর্যটককে দ্বীপে ঘোরাঘুরি শেষে ফিরে যেতে দেখা যায়। এ সময় পরিবেশ অধিদপ্তরের কর্মীরা হ্যান্ডমাইক হাতে নিষেধাজ্ঞার কথা জানালেও ভিড় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। এক কর্মী জানান, ভোররাতে একযোগে পর্যটকেরা ঢুকে পড়লে কার্যত কিছুই করার থাকে না।

পরিবেশ অধিদপ্তর কক্সবাজার অঞ্চলের পরিচালক জমির উদ্দিন বলেন, ছেঁড়াদিয়া দ্বীপের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষার স্বার্থেই পর্যটন নিষিদ্ধ করা হয়েছে। এই দ্বীপ সংরক্ষণে স্থানীয় জনগোষ্ঠীর পাশাপাশি পর্যটকদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন জরুরি।

বিশেষজ্ঞদের মতে, শুধু প্রচার নয়, কার্যকর তদারকি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার না করা হলে ছেঁড়াদিয়া দ্বীপের নাজুক পরিবেশ আরও ঝুঁকিতে পড়বে।

  • নিষেধাজ্ঞা
  • পর্যটক
  • সেন্টমার্টিন