অ্যান্টার্কটিকার পর এবার আর্কটিক অভিযানে সালাহউদ্দীন সুমন ও নিলয়

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৫ ঘন্টা আগে

চলতি বছরের শুরুতে অ্যান্টার্কটিকা (কুমেরু) অভিযান সফলভাবে সম্পন্ন করার পর এবার উত্তর মেরুর ‘হাই আর্কটিক’ বা সুমেরু অঞ্চলে নতুন অভিযানে অংশ নিয়েছেন বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর সালাহউদ্দীন সুমন এবং ভ্রমণ লেখক ও উদ্যোক্তা নিলয় কুমার বিশ্বাস।

মেরু অভিযান সিরিজের অংশ হিসেবে তারা ইতোমধ্যে উত্তর মহাসাগরে অবস্থিত নরওয়ের স্বালবার্ড দ্বীপপুঞ্জের লংইয়ারবায়েনে পৌঁছেছেন। প্রায় ৭৮ ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত লংইয়ারবায়েন পৃথিবীর সবচেয়ে উত্তরের স্থায়ী জনবসতিগুলোর একটি এবং বিশ্বের অন্যতম দুর্গম অঞ্চল হিসেবে পরিচিত।

হিমবাহ, বরফাবৃত পর্বত এবং মেরু ভাল্লুক, রেইনডিয়ার ও সিলসহ বিভিন্ন বন্যপ্রাণীর আবাসস্থল হিসেবে স্বালবার্ড সুপরিচিত। জুন মাসের শুরুতে সেখানে পৌঁছানোর ফলে অভিযাত্রীরা ২৪ ঘণ্টা সূর্য দৃশ্যমান থাকার বিরল প্রাকৃতিক ঘটনা ‘মিডনাইট সান’-এর অভিজ্ঞতা লাভ করছেন।

জানা গেছে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে আমস্টারডাম ও অসলো হয়ে তারা লংইয়ারবায়েনে পৌঁছান।

অভিযান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সালাহউদ্দীন সুমন বলেন, “একই বছরে অ্যান্টার্কটিকা ও আর্কটিক—উভয় মেরু অঞ্চল ভ্রমণ করে বাংলাভাষী দর্শকদের জন্য কনটেন্ট তৈরি করার সুযোগ পাওয়া সত্যিই অসাধারণ।” তিনি জানান, এই অভিযানের অভিজ্ঞতা ও গল্প পরবর্তীতে তাঁর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

অন্যদিকে নিলয় কুমার বিশ্বাস এই অভিযাত্রাকে ‘স্বপ্নপূরণের এক অবিস্মরণীয় অভিজ্ঞতা’ হিসেবে উল্লেখ করেছেন।

দুর্গম ও চ্যালেঞ্জিং এই সুমেরু অভিযানে স্পন্সর হিসেবে সহযোগিতা করছে ডট ইন্টারনেট। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রদীপ ঢালী অভিযানের সার্বিক সহায়তা প্রদান করছেন।

বাংলা ভাষায় গল্প বলার মাধ্যমে সুমেরু অঞ্চলের সৌন্দর্য, বৈচিত্র্য ও রহস্য বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরাই এই দুই অভিযাত্রীর মূল লক্ষ্য বলে জানা গেছে।

  • অ্যান্টার্কটিকা
  • আর্কটিক
  • নিলয়
  • পর্যটন
  • ভ্রমণ
  • সর্বশেষ
  • সালাউদ্দিন সুমন