দূর্ঘটনায় পতিত জাহাজ থেকে যাত্রী উদ্ধার কার্যক্রম
টেকনাফের সেন্ট মার্টিন থেকে ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে এমভি গ্রিন লাইন-১ জাহাজে আটকা পড়া ৭২ পর্যটককে উদ্ধার করা হয়েছে।
গতকাল (২৬ ডিসেম্বর) আনুমানিক বিকাল ৪ টায় পর্যটকবাহী জাহাজ “এম ভি গ্রিন লাইন” সেন্টমার্টিন হতে ৭২ জন পর্যটক নিয়ে কক্সবাজার এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। উত্তাল সমুদ্রে জাহাজটির জেনারেটরে পানি প্রবেশ করে শর্ট সার্কিট হয়ে জেনারেটর বন্ধ হয়ে যায়। এ সময় জাহাজটি টেকনাফের বাহাড়ছড়ার কচ্ছপিয়া নামক স্থানে চরে আটকে যায়।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক জানান, ‘জাহাজ আটকে যাওয়ার সংবাদ পাওয়ার সাথে সাথেই কোস্ট গার্ড আউটপোস্ট বাহাড়ছড়া এবং স্টেশন টেকনাফের দুইটি উদ্ধারকারী দল তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং নৌবাহিনী, বিজিবি ও পুলিশের সাথে সম্মিলিতভাবে উদ্ধার কার্যক্রম শুরু করে। অতঃপর, রাত ১০ টার মধ্যে যৌথ বাহিনী উক্ত জাহাজ হতে সকল যাত্রীদের নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়।’
তিনি আরও জানান, এসময় কোস্টগার্ড উদ্ধারকারী দল আহত পর্যটকদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে। এছাড়া পর্যটকদের কক্সবাজার শহরে পৌঁছতে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুইটি বাসের ব্যবস্থা করা হয়েছে বলে নিশ্চিত করেন টেকনাফের ইউএনও শেখ এহেসান উদ্দিন।
