অসচ্ছল তরুণদের বিনামূল্যে এভিয়েশন প্রশিক্ষণ দেবে ‘এভিয়েশন.কম.বিডি’

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৮ ঘন্টা আগে
ছবি: এভিয়েশন.কম.বিডি

দেশের অর্থনৈতিকভাবে প্রান্তিক, অনগ্রসর ও সুবিধাবঞ্চিত পরিবারের মেধাবী তরুণদের বিনামূল্যে এভিয়েশন গ্রাউন্ড অপারেশন প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে এভিয়েশন.কম.বিডি। প্রতিষ্ঠানটির করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে ‘উইংস ফর অল ৩.০’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

এই উদ্যোগের আওতায় নির্বাচিত তরুণেরা সম্পূর্ণ বিনা মূল্যে ‘বেসিক এভিয়েশন গ্রাউন্ড অপারেশন ট্রেনিং’ করার সুযোগ পাবেন। প্রশিক্ষণটি অনলাইনে পরিচালিত হবে। ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলের আগ্রহী তরুণেরা ঢাকায় না এসেই নিজ নিজ এলাকা থেকে প্রশিক্ষণে অংশ নিতে পারবেন।

এভিয়েশন শিক্ষাকে সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্য নিয়ে ২০২৫ সালে ‘উইংস ফর অল’ কার্যক্রম শুরু করে এভিয়েশন.কম.বিডি। প্রথম ব্যাচে ব্যাপক সাড়া পাওয়ার পর দ্বিতীয় সংস্করণও সফলভাবে পরিচালনা করা হয়। বর্তমানে প্রতিষ্ঠানটির অ্যাকাডেমিতে এভিয়েশন গ্রাউন্ড অপারেশনসহ এ খাতসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

উদ্যোগ সম্পর্কে এভিয়েশন.কম.বিডির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. হারুনুর রশিদ বলেন, আর্থিক সীমাবদ্ধতার কারণে কোনো মেধাবী তরুণের এভিয়েশনে ক্যারিয়ার গড়ার স্বপ্ন বাধাগ্রস্ত হওয়া উচিত নয়। প্রতিভা সর্বত্র থাকলেও সুযোগ সব জায়গায় থাকে না উল্লেখ করে তিনি বলেন, ‘উইংস ফর অল’-এর মাধ্যমে এভিয়েশন খাতে কাজ করার আগ্রহ ও সম্ভাবনা থাকা, কিন্তু পেশাদার প্রশিক্ষণের সামর্থ্য নেই—এমন তরুণদের সুযোগ তৈরি করতে চান তারা।

তিনি আরও বলেন, লক্ষ্য শুধু একটি বিনা মূল্যের কোর্স করানো নয়; বরং এমন একটি সুযোগ তৈরি করা, যার মাধ্যমে একজন তরুণ সম্ভাবনাময় এভিয়েশন শিল্পে নিজের ক্যারিয়ার গড়ার পথ খুঁজে নিতে পারেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে এয়ারলাইন্স ও বিমানবন্দরের গ্রাউন্ড অপারেশনের মৌলিক ধারণা, এভিয়েশন শিল্পের পরিচিতি এবং প্রাথমিক ক্যারিয়ার নির্দেশনা দেওয়া হবে। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারীদের সনদপত্রও দেওয়া হবে।

দেশের এভিয়েশন খাতে দক্ষ ও অন্তর্ভুক্তিমূলক জনশক্তি গড়ে তোলার লক্ষ্যেই এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে এভিয়েশন গ্রাউন্ড অপারেশন, এভিয়েশন সুরক্ষা ও নিরাপত্তা এবং প্যাসেঞ্জার সার্ভিসেসসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আসছে এভিয়েশন ডট কম ডট বিডি।

এভিয়েশন শিক্ষা ও জনশক্তি উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ এভিয়েশন.কম.বিডি ‘বাংলাদেশ ট্রাভেল, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি অ্যাওয়ার্ডস ২০২৫’-এ উদ্ভাবনী প্রশিক্ষণ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। ‘উইংস ফর অল ৩.০’-এর মাধ্যমে দেশের দ্রুত বিকাশমান এভিয়েশন শিল্পে তরুণদের অংশগ্রহণের সুযোগ আরও বাড়বে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

  • travel based first digital media
  • এভিয়েশন ডট কম ডট বিডি
  • এভিয়েশন প্রশিক্ষণ
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া