থার্ড টার্মিনাল জাপানের হাতে তুলে দিতে ফের বৈঠক শুরু

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল আলোচিত থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানের সঙ্গে ফের আলোচনায় বসছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্থগিত হয়ে থাকা প্রক্রিয়া পুনরায় শুরু করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।

অন্তর্বর্তী সরকারের সময়ে প্রায় এক বছর ধরে জাপান-বাংলাদেশের মধ্যে ধারাবাহিক বৈঠক হলেও টার্মিনাল পরিচালনার মডেল নিয়ে দুই পক্ষ একমত হতে পারেনি। ফলে চুক্তি ভেস্তে যায়। শেষ পর্যায়ে সিভিল এভিয়েশন থেকে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে জাপানের সঙ্গে সমঝোতা না হওয়ার বিষয়টি উল্লেখ করে আন্তর্জাতিক উন্মুক্ত টেন্ডারের সুপারিশ করা হয়।

তবে জাতীয় নির্বাচনের পর রাজনৈতিক প্রেক্ষাপট বদলে গেলে থার্ড টার্মিনাল ইস্যুতে নতুন গতি আসে। ক্ষমতায় আসার প্রথম সপ্তাহেই প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠক আহ্বান করেন। সভায় সিভিল এভিয়েশন কর্মকর্তারা জাপানের সঙ্গে আলোচনার অচলাবস্থা ও আন্তর্জাতিক টেন্ডারের প্রস্তাব তুলে ধরেন।

বৈঠকে প্রধানমন্ত্রী দুটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। প্রথমত, অত্যাধুনিক এই টার্মিনাল দ্রুত চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়ত, জাপানের সঙ্গে পুনরায় আলোচনায় বসে সমাধানের শেষ চেষ্টা করতে হবে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, এটি হতে পারে দুই পক্ষের মধ্যে শেষ দফার বৈঠক। শর্তে সমঝোতা হলে ১৫ বছরের জন্য জাপানের কাছেই টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হতে পারে। অন্যথায় আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করা হবে।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে সিভিল এভিয়েশন। এদিকে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বেসামরিক বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে থার্ড টার্মিনাল দ্রুত চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয় এবং জাপানও পুনরায় আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রায় ২২ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত থার্ড টার্মিনালের কাজ সম্পন্ন হলেও অপারেটর নিয়োগ জটিলতায় এটি এখনো পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। নতুন করে শুরু হওয়া এ আলোচনা শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছায় কি না, তার ওপর নির্ভর করছে দেশের অন্যতম বৃহৎ এই অবকাঠামো প্রকল্পের ভবিষ্যৎ।

  • থার্ড টার্মিনাল