রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অত্যাধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার (এটিএমসি) উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এমপি এই কেন্দ্রের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিক, সদস্য এয়ার কমডোর মোঃ নূর-ই-আলমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আফরোজা খানম বলেন, আধুনিক ও স্বয়ংক্রিয় এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালুর মাধ্যমে বাংলাদেশের আকাশসীমা আরও নিরাপদ ও দক্ষ হবে। তিনি প্রকল্প বাস্তবায়নে ফ্রান্স সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান এবং বলেন, এ উদ্যোগ দেশের এভিয়েশন খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জিন-মার্ক সেরে-শার্লে এবং থ্যালেস সাউথইস্ট এশিয়ার ভাইস প্রেসিডেন্ট নিকোলাস বৌভেরট উপস্থিত ছিলেন।
ফ্রান্সের রাষ্ট্রদূত জিন-মার্ক সেরে-শার্লে তার বক্তব্যে বলেন, বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে এই সহযোগিতা দুই দেশের পারস্পরিক আস্থা ও বন্ধুত্বের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। ভবিষ্যতেও বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়নে ফ্রান্স সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থার মাধ্যমে আকাশপথ ব্যবস্থাপনায় নতুন যুগের সূচনা হয়েছে। আঞ্চলিক সহযোগিতা ও তথ্য বিনিময়ের মাধ্যমে আরও সমন্বিত ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানে জানানো হয়, আধুনিক এটিএম অটোমেশন সিস্টেমের মাধ্যমে ফ্লাইট ডাটা প্রসেসিং, রাডার ও ADS-B সমন্বয় এবং উন্নত সেফটি ব্যবস্থার ফলে রিয়েল-টাইম সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। এতে ফ্লাইট বিলম্ব কমবে, জ্বালানি সাশ্রয় হবে এবং ওভারফ্লাইট রাজস্ব বৃদ্ধি পাবে।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বেবিচক ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ বাংলাদেশের আকাশসীমার কৌশলগত গুরুত্ব বাড়ানোর পাশাপাশি দেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।
