জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু ২০২৭ সালের এপ্রিলে

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১৭ ঘন্টা আগে

বাংলাদেশ ও জাপানের মধ্যে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নবিষয়ক নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ‘ইএসডিপি-এমওসি’ (মেমোরেন্ডাম অব কো-অপারেশন অন এমপ্লয়মেন্ট স্কিলস ডেভেলপমেন্ট) নামের এ চুক্তির আওতায় আগামী বছরের ১ এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু করবে জাপান।

গত ১৭ অক্টোবর দুই দেশের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়। সোমবার (১৯ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব। জাপানের পক্ষে দেশটির বিচার মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় এবং ন্যাশনাল পুলিশ এজেন্সির প্রতিনিধিরা স্বাক্ষর করেন।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় এক বছরের প্রচেষ্টার পর চুক্তিটি চূড়ান্ত করা হয়েছে। এর মাধ্যমে দুই দেশের কর্মসংস্থান খাতে সহযোগিতা আরও জোরদার হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের সময় চুক্তির কপি আনুষ্ঠানিকভাবে দুই পক্ষের মধ্যে হস্তান্তর করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

চুক্তিটির প্রাথমিক মেয়াদ পাঁচ বছর। মেয়াদ শেষে এটি স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছরের জন্য বাড়বে। ফলে চুক্তিটির সম্ভাব্য মোট মেয়াদ হবে ১০ বছর।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, এ চুক্তির মাধ্যমে বাংলাদেশি কর্মীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা এবং কর্মী পাঠানো ও গ্রহণের ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। জাপানে কর্মসংস্থানের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের দক্ষতা বাড়বে। পাশাপাশি তাঁরা তুলনামূলক বেশি বেতন ও দীর্ঘমেয়াদে বসবাসের সুযোগ পেতে পারেন।

চুক্তির আওতায় বাংলাদেশি কর্মীরা জাপানের স্থানীয় শ্রমিকদের সমতুল্য আইনি সুরক্ষা পাবেন। কর্মক্ষেত্রে নারী ও পুরুষের সমান সুযোগ নিশ্চিত করার বিষয়টিও এতে গুরুত্ব পেয়েছে। বিশেষ করে গর্ভধারণ বা সন্তান জন্মদানের কারণে নারী কর্মীদের চাকরিচ্যুত করা কিংবা তাঁদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা যাবে না। এ কারণে জোরপূর্বক দেশে ফেরত পাঠানোর বাধ্যবাধকতাও চুক্তিতে রাখা হয়নি।

সংশ্লিষ্টদের আশা, নতুন এ চুক্তি বাস্তবায়নের মাধ্যমে জাপানে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে। একই সঙ্গে দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে।

  • travel based first digital media
  • কর্মী নিয়োগ
  • জাপান
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া