সৌদি আরবের পর্যটনে ১৬ লাখ চাকরির সুযোগ

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৫ মাস আগে

সৌদি আরব পর্যটন খাত দ্রুত সম্প্রসারণ করছে। দেশের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে এই খাতে প্রায় ১০ লাখ ৯ হাজার ৬৯১ জন কর্মী নিয়োজিত ছিলেন, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ৬.৪ শতাংশ বেশি। এদের মধ্যে প্রবাসীর সংখ্যা উল্লেখযোগ্য।

‘ভিশন ২০৩০’ অনুযায়ী, সৌদি আরব পর্যটন খাতের জিডিপিতে অবদান ১০ শতাংশে উন্নীত করতে চায় এবং ২০৩০ সালের মধ্যে ১৬ লাখ কর্মসংস্থান সৃষ্টি ও বছরে ১৫ কোটি পর্যটক আকর্ষণের লক্ষ্য নির্ধারণ করেছে।

সৌদি পর্যটন মন্ত্রণালয় দক্ষ জনশক্তি গড়ার জন্য ‘আহলুহা’ কর্মসূচি চালু করেছে। স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান মিলিতভাবে প্রশিক্ষণ দিয়ে পর্যটন খাতের মানবসম্পদ উন্নয়নে কাজ করছে। ধর্মীয় পর্যটনও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০২৪ সালে হজ ও ওমরাহ পালন করেছেন ৩ কোটি ৭০ লাখেরও বেশি মুসল্লি, যা সেবা খাতে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে।

ই-ভিসা ব্যবস্থা ও আধুনিক পর্যটন আইন প্রণয়নের মাধ্যমে সৌদি আরব আন্তর্জাতিক পর্যটকদের জন্য আরও উন্মুক্ত হয়েছে। ফলে ভাষা ও সাংস্কৃতিক দক্ষ কর্মীদের চাহিদা বাড়ছে। বিশেষভাবে অতিথেয়তা ও সেবাখাতে দক্ষতার জন্য বাংলাদেশি কর্মীদের সুযোগ রয়েছে।

বিশ্লেষকদের মতে, তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে বহুমুখী পর্যটন কেন্দ্র হিসেবে সৌদি আরবের এই রূপান্তর ভবিষ্যতে আরও মানসম্মত কর্মসংস্থানের পথ খুলে দেবে।

 

 

  • কর্মসংস্থান
  • পর্যটন
  • সৌদি আরব