মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে প্রধানমন্ত্রীর সফর বড় সুযোগ: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৪ ঘন্টা আগে

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় চালুর ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন মালয়েশিয়া সফর একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক।

রোববার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি শ্রমবাজার সম্প্রসারণ বিষয়ক এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী বলেন, “মালয়েশিয়ার শ্রমবাজার দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। আমরা আশা করছি, প্রধানমন্ত্রীর আসন্ন সফর এ বাজার পুনরায় চালুর ক্ষেত্রে একটি বড় সুযোগ তৈরি করবে।”

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ থেকে ২২ জুন মালয়েশিয়া সফর করবেন। এরপর ২৩ থেকে ২৬ জুন তিনি চীন সফরে যাবেন। কুয়ালালামপুর থেকে সরাসরি বেইজিংয়ে যাওয়ার কথা রয়েছে তার।

শ্রমবাজার সম্প্রসারণের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, থাইল্যান্ডসহ প্রায় ১৮টি দেশের সঙ্গে শ্রমবাজার সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ১৮টি সমঝোতা স্মারক (এমওইউ) পাঠিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক প্রক্রিয়ায় এসব চুক্তি স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে।

রাশিয়ায় কর্মসংস্থানের উদ্দেশ্যে যাওয়া বাংলাদেশি শ্রমিকদের বিভিন্ন সমস্যার প্রসঙ্গ তুলে তিনি বলেন, কেউ যেন চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়িয়ে না পড়েন এবং বৈধ কর্মভিসায় রাশিয়ায় প্রবেশ করেন, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ দূতাবাস এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কঠোর যাচাই-বাছাই করবে।

নুরুল হক বলেন, চলমান সংঘাতের কারণে বিদেশি বিনিয়োগকারী ও স্থানীয় শ্রমিকদের একটি অংশ দেশ ছাড়ায় রাশিয়ায় শ্রমশক্তির চাহিদা বেড়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে ৩ থেকে ৪ লাখ কর্মী রাশিয়ায় পাঠানোর সম্ভাবনা রয়েছে।

রাশিয়ায় চাকরির উদ্দেশ্যে গিয়ে ৩০ জন বাংলাদেশি যুদ্ধে জড়িয়ে পড়েছেন—এমন অভিযোগের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে। সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

  • travel based first digital media
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • মালয়েশিয়া
  • শ্রম বাজার