প্রায় দেড় দশক পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালু হতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে করাচি যাওয়ার উদ্দেশ্যে উড়বে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম সরাসরি ফ্লাইট।
১৬২ আসনের এই উদ্বোধনী ফ্লাইটটি ঢাকা থেকে করাচি যাওয়ার জন্য রাত ৮টায় ছেড়ে যাবে। প্রথম ফ্লাইটের সমস্ত টিকিট ইতিমধ্যেই বিক্রি শেষ হয়েছে।
বিমানসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ২০১২ সালে ঢাকা-করাচি রুটে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। ২০২৪ সালে সরকার পরিবর্তনের পর গঠিত অন্তর্বর্তী সরকার এই রুটে পুনরায় ফ্লাইট চালুর উদ্যোগ নেন।
সরকারের আনুষ্ঠানিক অনুমোদনের পর পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে এই রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। প্রাথমিকভাবে এই অনুমোদন ২০২৬ সালের ৩০ মার্চ পর্যন্ত বৈধ থাকবে, পরে তা পুনর্মূল্যায়ন করা হবে বলে জানা গেছে।
নতুন অনুমোদনের আওতায় বাংলাদেশি এয়ারলাইন্স নির্ধারিত রুট অনুসরণ করে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে। পাকিস্তানের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইট পরিচালনার সময় এই নির্ধারিত রুট কঠোরভাবে মেনে চলা হবে। করাচি বিমানবন্দরে বিমানের জন্য আলাদা স্লটও বরাদ্দ করা হয়েছে।
এছাড়াও, ঢাকা থেকে ফ্লাইট ছেড়ে যাওয়ার আগে করাচি বিমানবন্দর কর্তৃপক্ষকে ফ্লাইটসংক্রান্ত সব তথ্য জানানো বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি, অপারেশনাল সমন্বয় ও নিরাপত্তা বিধি কঠোরভাবে মানার নির্দেশনা দেওয়া হয়েছে।
কর্মকর্তাদের মতে, এই সরাসরি বিমান যোগাযোগ দুই দেশের মানুষের যাতায়াত আরও সহজ করবে এবং ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে।
