বন্ধ শ্রমবাজার চালুতে একমত বাংলাদেশ-মরিশাস

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ২ ঘন্টা আগে

মরিশাসে পুনরায় খুলছে বাংলাদেশের শ্রমবাজার, দ্রুত সই হবে সমঝোতা স্মারক

দীর্ঘদিন বন্ধ থাকার পর মরিশাসে বাংলাদেশের শ্রমবাজার পুনরায় চালু হওয়ার পথে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ ও মরিশাস দ্রুত একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরে সম্মত হয়েছে।

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন (আইএলও) ২০২৬-এর সাইডলাইনে সোমবার সকালে জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং মরিশাসের শ্রম মন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিমের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে মরিশাসে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের বর্তমান অবস্থা, বন্ধ শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া এবং দুই দেশের মধ্যে শ্রম ও কর্মসংস্থান সহযোগিতা জোরদারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকের শুরুতে বাংলাদেশের মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মরিশাস সরকারকে শুভেচ্ছা জানান এবং বাংলাদেশ থেকে জনশক্তি প্রেরণের জন্য সমঝোতা স্মারক দ্রুত স্বাক্ষরের বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশ শুধু টেক্সটাইল খাতেই নয়, চিকিৎসক, প্রকৌশলী, নার্স, অ্যাকাউন্ট্যান্টসহ বিভিন্ন পেশার দক্ষ জনশক্তি মরিশাসে পাঠাতে প্রস্তুত। বৈঠক শেষে তিনি মরিশাসের শ্রমমন্ত্রীকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

বাংলাদেশের প্রস্তাবকে স্বাগত জানিয়ে মরিশাসের শ্রমমন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিম বলেন, দক্ষ বাংলাদেশি জনশক্তি নিয়োগে মরিশাস সরকার অত্যন্ত আগ্রহী। বিশেষ করে দেশটির ওয়ান-স্টপ টেক্সটাইল শিল্পে বিপুলসংখ্যক দক্ষ কর্মীর প্রয়োজন রয়েছে।

তিনি জানান, শ্রমবাজার পুনরায় চালুর লক্ষ্যে সমঝোতা স্মারকের একটি খসড়া শিগগিরই বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হবে। পাশাপাশি মরিশাস বাংলাদেশের টেক্সটাইল খাতে বিনিয়োগেও গভীর আগ্রহী বলে তিনি উল্লেখ করেন।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহান, উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব মো. মাহবুবুল ইসলাম এবং বাংলাদেশ মিশনের প্রথম সচিব মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিশ্লেষকদের মতে, মরিশাসের শ্রমবাজার পুনরায় চালু হলে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং বৈদেশিক রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

  • বাংলাদেশ-মরিশাস
  • শ্রম বাজার
  • সর্বশেষ