অভিবাসন ব্যয় কমাতে বিদেশগামী কর্মীদের জন্য বিনামূল্যে স্মার্ট কার্ড

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে

বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে হলে প্রয়োজন হয় বিএমইটি -এর ইমিগ্রেশন স্মার্ট কার্ড। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ক্লিয়ারেন্সর মাধ্যমে এই কার্ড ইস্যু করা হয়। যা কাজের উদ্দেশ্যে বিদেশগামী সবার জন্য বাধ্যতামূলক। এই কার্ড পাওয়ার জন্য বিদেশগামী বাংলাদেশিদের সর্বমোট ৫০০ টাকা ফি গুনতে হতো। সম্প্রতি এই ফি বাতিল করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

রবিবার (১ ডিসেম্বর) মন্ত্রণালয়ের কর্মসংস্থান অনুবিভাগের উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মণ্ডেল স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়। অভিবাসন ব্যয় হ্রাসের লক্ষ্যে নির্ধারিত ইমিগ্রেশন কার্ড (স্মার্ট কার্ড) ফি বাবদ ২৫০ টাকা এবং স্মার্ট কার্ড সংশোধন ফি বাবদ ২৫০ টাকাসহ সর্বমোট ৫০০ টাকা আদায় বাতিল করা হয়েছে বলে জানা যায় মন্ত্রণালয় থেকে বিএমইটির কাছে পাঠানো চিঠিতে। এখন থেকে বৈদেশিক কর্মসংস্থানে কোনো ফি ছাড়াই কিউআর কোড সম্বলিত বহির্গমন ছাড়পত্র ইস্যু অব্যাহত থাকবে এবং অনলাইনে নিশ্চিত তথ্যাদি থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়েছে বিএমইটি -কে।

  • বিদেশগামী কর্মী