গত ১৬ থেকে ২০ নভেম্বর কানাডার মন্ট্রিয়লে অনুষ্ঠিত আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) সপ্তম বিশ্ব বিমান পরিবহন সম্মেলন শেষে শুক্রবার এ অবস্থান তুলে ধরে আয়াটা। সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধি ও বিমান পরিবহন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
আয়াটা জানায়, সম্মেলনে সংস্থাটি ছয়টি কার্যপত্র ও তিনটি তথ্যপত্র জমা দিয়েছে। এসব নথিতে বিমান পরিবহন খাতের নীতিনির্ধারণী বিভিন্ন বিষয়ে সুপারিশ তুলে ধরা হয়েছে। সম্মেলনে সরকারগুলো আরও সংযুক্ত, প্রতিযোগিতামূলক, টেকসই ও যাত্রীকেন্দ্রিক বিমান পরিবহনব্যবস্থা গড়ে তোলার বিষয়ে সমর্থন জানিয়েছে।
সংস্থাটির মতে, বিমান পরিবহন খাতের অর্থনৈতিক নিয়ন্ত্রণে যোগাযোগব্যবস্থা, প্রতিযোগিতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। একই সঙ্গে বিমানবন্দর ও এয়ার নেভিগেশন সেবার চার্জ নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং সেবার প্রকৃত ব্যয়ের সঙ্গে চার্জের সামঞ্জস্য রাখতে হবে।
যাত্রী সুরক্ষার ক্ষেত্রে যাত্রীদের অধিকার রক্ষার পাশাপাশি তাঁদের পছন্দের স্বাধীনতা ও বাজারে প্রতিযোগিতার পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি। এ ছাড়া টেকসই জ্বালানির ব্যবহার বাড়ানো, ভ্রমণপ্রক্রিয়া সহজ করা এবং বিমান পরিবহন খাতের করব্যবস্থা যৌক্তিক করার বিষয়েও সুপারিশ করেছে আয়াটা।
সংস্থাটির বৈদেশিক সম্পর্কবিষয়ক জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট থমাস রেইনার্ট বলেন, সরকার ও বিমান পরিবহন খাতের প্রতিনিধিদের এক জায়গায় আনার ক্ষেত্রে আইকাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশ্বজুড়ে বিমান পরিবহন খাত ৯ কোটি ৯০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে এবং বৈশ্বিক অর্থনীতিতে ৫ ট্রিলিয়ন ডলারের অবদান রাখে।
তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলোর কারসিয়া (আন্তর্জাতিক বিমান চলাচলে কার্বন নিঃসরণ কমানো ও ক্ষতিপূরণের ব্যবস্থা) সমর্থন এবং কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণে একাধিক ব্যবস্থা চালুর ফলে অতিরিক্ত ব্যয় ও নীতিগত বিভ্রান্তি তৈরি হতে পারে। এ ধরনের পরিস্থিতি এড়ানোর পাশাপাশি কার্গো পরিবহনের উপযোগী নিয়ন্ত্রণ কাঠামো গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।
আয়াটা আরও জানিয়েছে, জ্বালানির মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার কারণে ২০২৬ সালে বিশ্বে বিমানযাত্রীর সংখ্যা বৃদ্ধির হার ২০০৯ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসতে পারে। তবে এ হিসাব থেকে করোনাভাইরাস মহামারির বছরগুলো বাদ রাখা হয়েছে।
উল্লেখ্য, বিশ্বের ৩৮০টির বেশি এয়ারলাইনস আয়াটার সদস্য। এসব এয়ারলাইনস সম্মিলিতভাবে বৈশ্বিক বিমান চলাচলের প্রায় ৮৫ শতাংশ পরিচালনা করে।
