বাংলাদেশ ফ্লাইং একাডেমি অ্যান্ড জেনারেল এভিয়েশন লিমিটেডের কার্যক্রম পরিচালনায় ১১ সদস্যের একটি অন্তর্বর্তী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এম জি আর নাসির মজুমদার। সেক্রেটারি জেনারেল করা হয়েছে ক্যাপ্টেন আবদুল্লাহকে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির ভাইস প্রেসিডেন্ট (অপারেশন, একাডেমিকস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) হয়েছেন ইঞ্জিনিয়ার নাসিরউদ্দিন আহমেদ। ভাইস প্রেসিডেন্ট (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফাইন্যান্স) হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্যাপ্টেন আবু সাফা এবং ভাইস প্রেসিডেন্ট (এন্টারটেইনমেন্ট অ্যান্ড অ্যামেনিটিজ) হয়েছেন রাজি হায়দার রিজভী। জয়েন্ট সেক্রেটারি করা হয়েছে ক্যাপ্টেন জাকারিয়াকে।
অন্তর্বর্তী কমিটির নির্বাহী সদস্যরা হলেন—অপারেশন বিভাগের ক্যাপ্টেন সেলিমুর রহমান, ফাইন্যান্স বিভাগের ক্যাপ্টেন মীর কামর সিদ্দিকী, একাডেমিকস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ক্যাপ্টেন এথার ফারিয়েল, অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ক্যাপ্টেন রফিকুর রহমান এবং এন্টারটেইনমেন্ট অ্যান্ড অ্যামেনিটিজ বিভাগের ক্যাপ্টেন ফিদিয়া।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি একাডেমির কার্যক্রম নিয়ে সৃষ্ট পরিস্থিতির পর সদস্যদের উদ্যোগে প্রতিষ্ঠানটির কার্যক্রম পুনরায় সচল করা, উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া এবং প্রশিক্ষণার্থী ও স্টাফদের স্বার্থ নিশ্চিত করতে এই অন্তর্বর্তী কমিটি গঠন করা হয়েছে।
এর আগে একাডেমির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া এবং সাধারণ সভা বা বিশেষ সাধারণ সভা (ইজিএম) আয়োজন নিয়ে সদস্যদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। এ অবস্থায় কয়েকজন লাইফ মেম্বার ইজিএম আহ্বানের উদ্যোগ নেন। পরে গত ২৯ আগস্ট অনুষ্ঠিত ইজিএমে একাডেমির নতুন নেতৃত্ব ও নির্বাচনকালীন ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন অন্তর্বর্তী কমিটি একাডেমির অপারেশন, একাডেমিক কার্যক্রম, প্রশাসন ও আর্থিক ব্যবস্থাপনা সচল রাখার পাশাপাশি পরবর্তী সাংগঠনিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার দায়িত্ব পালন করবে।
