নতুন ওমরাহ মৌসুমের জন্য ভিসা আবেদন গ্রহণ শুরু করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, গত রোববার থেকে ওমরাহ ভিসা ইস্যু কার্যক্রম শুরু হওয়ার মাধ্যমে নতুন মৌসুমের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি ওমরাহ যাত্রীরা ৩১ মে থেকে ‘নুসুক’ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সৌদি আরবে প্রবেশ ও ওমরাহ পালনের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। একই সঙ্গে যাত্রীরা নুসুকের স্মার্ট আইডি কার্ড ব্যবহার করে অনুমতিপত্রসহ বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ পাবেন।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন মৌসুমে বিদেশি মুসল্লিরা ২০২৭ সালের ২৩ মার্চ পর্যন্ত ওমরাহ পালনের উদ্দেশ্যে দেশটিতে প্রবেশ করতে পারবেন। ওমরাহ ভিসা ইস্যুর শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ৯ মার্চ। এছাড়া ওমরাহ পালনের জন্য সৌদি আরবে প্রবেশের শেষ সময়ও ২৩ মার্চ।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ওমরাহ মৌসুম শেষে সব ওমরাহ যাত্রীকে ২০২৭ সালের ৭ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে।
হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মতে, ডিজিটাল সেবা সম্প্রসারণের মাধ্যমে ওমরাহ যাত্রীদের জন্য আবেদন, অনুমতিপত্র গ্রহণ ও ভ্রমণ-সংক্রান্ত কার্যক্রম আরও সহজ ও দ্রুত করা হচ্ছে।
