সাশ্রয়ী, নিরাপদ ও স্বচ্ছ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, হজ এজেন্সিগুলোর যৌক্তিক কমিশন বৃদ্ধির বিষয়েও সরকার ইতিবাচক পদক্ষেপ নেবে।
শনিবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, হজ আত্মশুদ্ধির এক মহান ইবাদত। এ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সততা, দায়িত্বশীলতা ও জবাবদিহিতার মানসিকতা নিয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, অতীতে বিমান টিকিটের অস্বাভাবিক মূল্য নির্ধারণের মাধ্যমে হজযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে। দায়িত্ব গ্রহণের পর সরকার সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সাশ্রয়ী ও নিরাপদ হজ নিশ্চিত করতে বিভিন্ন কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
আফরোজা খানম বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পাঁচ মাসের মধ্যেই হজযাত্রীদের বিমান টিকিটের খরচ ৩৬ হাজার ৮০০ টাকা কমাতে সক্ষম হয়েছে। পাশাপাশি সৌদি সরকারের আরোপিত বিমান টিকিট-সংক্রান্ত কর কমানোর লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানের শেষে মন্ত্রী সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সবার কাছে দোয়া কামনা করেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে সাবেক মন্ত্রী হারুনার রশিদ মুন্নুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে হাবের নেতৃবৃন্দ, হজ ও ওমরাহ-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক হজপ্রত্যাশী উপস্থিত ছিলেন।
