মধ্যপ্রাচ্য উত্তেজনায় চট্টগ্রাম বিমানবন্দরে এ পর্যন্ত ১১৬ ফ্লাইট বাতিল

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৭ দিন আগে

মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রভাব এখনও পড়ছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট পরিচালনায়। সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার (১৪ মার্চ) বিভিন্ন এয়ারলাইন্সের মোট সাতটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

এর মধ্যে দুবাই, মাস্কাট ও দোহাগামী গুরুত্বপূর্ণ কয়েকটি ফ্লাইট রয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ার ফিল্ডগুলো এখনো সীমিত পরিসরে চালু থাকলেও কাতারের দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।
আজ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই থেকে আসা একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট। ইউএস-বাংলা এয়ারলাইন্সের  মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আসা একটি অ্যারাইভাল ও দুটি ডিপার্চার ফ্লাইট। সালাম এয়ারের ওমানের মাস্কাট থেকে আসা একটি অ্যারাইভাল ও মাস্কাটগামী একটি ডিপার্চার ফ্লাইট।
তবে আজ বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আগত ৬টি অ্যারাইভাল এবং ৪টি ডিপার্চার ফ্লাইট সচল ছিল। বিশেষ করে শারজাহ ও দুবাই রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এয়ার অ্যারাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত এই বিমানবন্দর থেকে মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
  • travel based first digital media
  • ফ্লাইট বাতিল
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • মধ্যপ্রাচ্য সংকট
  • শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর