আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে উদ্বোধনের লক্ষ্য নিয়ে দ্রুতগতিতে এগিয়ে চলছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর থার্ড টার্মিনালের নির্মাণকাজ। সরকারের ‘১০০ দিন পূর্তি’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহাদী আমিন।
মঙ্গলবার (২৫ মে) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সরকারের গত ১০০ দিনের বিভিন্ন কার্যক্রম ও উন্নয়ন উদ্যোগ তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে মাহাদী আমিন বলেন, দেশের বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আনতে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত একটি ইকোনমিক করিডোর বাস্তবায়নের প্রস্তুতি শুরু হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মানের সেবাদান নিশ্চিত করতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের কাজ দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি সুবিধা সম্প্রসারণ করা হয়েছে। এছাড়া বিমানবন্দর ও ট্রেনে হাই-স্পিড ফ্রি ওয়াই-ফাই চালুর মাধ্যমে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারের দাবি, এসব উদ্যোগ দেশের অবকাঠামো, যোগাযোগ ও ডিজিটাল সেবায় নতুন মাত্রা যোগ করবে।
