ট্যুরিজম বোর্ডের গভর্নিং বডিতে সদস্য হলেন শাখাওয়াত হোসেন

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১৬ ঘন্টা আগে

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) পুনর্গঠিত গভর্নিং বডিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শাখাওয়াত হোসেন।

গত ২৫ নভেম্বর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাঁর মনোনয়নের কথা জানানো হয়। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আইন, ২০১০-এর ৮ ধারা অনুযায়ী বোর্ডটির গভর্নিং বডি পুনর্গঠন করা হয়েছে। তিনি হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট ও সমপর্যায়ভুক্ত সংগঠনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।

নতুন দায়িত্বে দেশের হোটেল, মোটেল ও রিসোর্টশিল্পের বিদ্যমান সংকট ও সম্ভাবনা নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন শাখাওয়াত হোসেন। চেক ইন-কে তিনি বলেন, পর্যটন খাতের উন্নয়নে সরকার বেসরকারি খাতকে গুরুত্ব দিচ্ছে, যা অত্যন্ত ইতিবাচক ও আশাব্যঞ্জক। গভর্নিং বডিতে বেসরকারি খাতের প্রতিনিধিত্ব থাকায় এ শিল্পের বাস্তব সমস্যা ও সম্ভাবনাগুলো নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।

শাখাওয়াত হোসেন বলেন, ‘আমি মূলত দেশের হোটেল, মোটেল ও রিসোর্টশিল্পের চলমান সংকটগুলো নিয়ে কাজ করতে চাই। বিশেষ করে, লাইসেন্স প্রক্রিয়া সহজ করার বিষয়ে গুরুত্ব দিতে চাই, যাতে আরও বেশি উদ্যোক্তা এ খাতে আসতে পারেন। লাইসেন্সিং প্রক্রিয়া সহজ ও হয়রানিমুক্ত করা গেলে নতুন বিনিয়োগ বাড়বে এবং দেশের পর্যটন অবকাঠামো আরও সমৃদ্ধ হবে।’

তিনি আরও বলেন, হোটেল ও রিসোর্টশিল্পের টেকসই বিকাশে বেসরকারি উদ্যোক্তাদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করা জরুরি। এ জন্য নীতিনির্ধারণী পর্যায়ে শিল্পসংশ্লিষ্টদের অভিজ্ঞতা ও বাস্তব সমস্যাগুলো তুলে ধরে কার্যকর উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন তিনি।

শাখাওয়াত হোসেনের হোটেল ও পর্যটনশিল্পে ২০ বছরের বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি ২০১৯ সালের অক্টোবরে প্রতিষ্ঠানটির সিইও হিসেবে যোগ দেন। বর্তমানে প্রতিষ্ঠানটির অধীন দ্য ওয়েস্টিন ঢাকা, শেরাটন ঢাকা ও হানসা প্রিমিয়াম রেসিডেন্সের কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন।

২০২৪ সালে পর্যটন ও আতিথেয়তা খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডসে (সাটা) ‘ট্যুরিজম ফেস অব সাউথ এশিয়া’ পুরস্কার অর্জন করেন। একই বছর বাংলাদেশ মনিটর আয়োজিত বাংলাদেশ ট্রাভেল, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি অ্যাওয়ার্ডসে ‘হোটেলিয়ার অব দ্য ইয়ার’ নির্বাচিত হন। এ ছাড়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন (বিহা) তাঁকে ‘মোস্ট অ্যাওয়ার্ডেড হোটেলিয়ার অব বাংলাদেশ ২০২৪’ স্বীকৃতি দেয়।

  • travel based first digital media
  • ট্যুরিজম
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া