বিমান ভাড়া নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা থাকলেও গত কয়েক মাসে তা উল্লেখযোগ্য পরিমাণে কমেছে।এবার বিমান চলাচলে ব্যবহৃত জেট ফুয়েলের দাম হ্রাস পাওয়ায় যাত্রীদের আরও ভাড়া কমানোর লক্ষ্যে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া।
১৫ মে ২০২৫, বিকাল ৪টায় বেবিচক সদরদপ্তরে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, জেট ফুয়েলের দাম হ্রাসের ফলে যাত্রীসাধারণ যেন ভাড়ার ক্ষেত্রে এর সুফল পায়, সে বিষয়টি নিশ্চিত করতে এয়ারলাইন্সগুলোর দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।
এসময় সভায় উপস্থিত সকল এয়ারলাইন্স প্রতিনিধিরা ঐকমত্য পোষণ করেন এবং জানান, তারা খুব শিগগিরই বিষয়টি বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করবেন।
