মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। রোববার (১ মার্চ) বিমানবন্দর কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আগমনী মোট ১০টি ফ্লাইট এর মধ্যে সাতটি আগমন (এরাইভাল) এবং তিনটি বহির্গমন (ডিপার্চার) বাতিল ঘোষণা করা হয়েছে। এসব ফ্লাইট দিনের বিভিন্ন সময়ে যাত্রী পরিবহনের কথা ছিল।
আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশ থেকে পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইটেও। সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে।
একই কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও হাজারো যাত্রী আটকা পড়েছেন। অনিশ্চয়তার মধ্যে অনেক যাত্রী বিমানবন্দর থেকে ফিরে যাচ্ছেন। আবার যাদের ফ্লাইট গভীর রাতে নির্ধারিত ছিল, তাদের বিমানবন্দরে না আসার পরামর্শ দিচ্ছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, প্রতিদিন সেখান থেকে দেড় শতাধিক ফ্লাইট ওঠানামা করে, যার বড় অংশই মধ্যপ্রাচ্যগামী বা সেখান থেকে আগত।
বর্তমান অচলাবস্থা কবে কাটবে, তা নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
