বিমানবন্দরের আশেপাশে ৫২৫টি অবৈধ ভবন: বেবিচক চেয়ারম্যান

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও তেজগাঁও পুরাতন বিমানবন্দরের আশপাশে নো ফ্লাই জোন এলাকায় গত ১০ বছরে অনুমোদন ছাড়াই কমপক্ষে ৫২৫টি উঁচু ভবন নির্মাণ করা হয়েছে। এসব ভবন ভাঙতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) বারবার চিঠি দেওয়া হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

আজ বৃহস্পতিবার বেবিচক কার্যালয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।

এসময় মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, ‘ভবন ভাঙার কোনো অনুমতি সিভিল এভিয়েশনের যেহেতু নেই, তাই আমরা এ বিষয়ে বারবার রাজউককে চিঠি দিয়ে জানিয়েছি। এখন ব্যবস্থা নেওয়ার দায়িত্ব রাজউকের।’

সংবাদ সম্মেলনে গত ২১ জুলাই উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের প্রসঙ্গ আসে। বিমানবন্দরের আশপাশে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের অনুমোদন দেওয়া হয় কি না, তা বেবিচক চেয়ারম্যানের কাছে জানতে চাওয়া হয়।

তিনি স্পষ্ট করে বলেন, ‘মাইলস্টোন স্কুলের আশপাশে কোনো অবৈধ উঁচু ভবন নেই। সেখানে ১৫০ ফুট পর্যন্ত ভবন নির্মাণের অনুমোদন আছে এবং বাস্তবে সর্বোচ্চ ১৩৫ ফুট উঁচু ভবন রয়েছে।’

সংবাদ সম্মেলনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘উদ্বোধনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে কাজ পুরোদমে এগোচ্ছে এবং জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে টার্মিনালের অপারেশনবিষয়ক আলোচনা চলছে। উভয়ের মধ্যে সমঝোতা হলে চুক্তি স্বাক্ষর হবে।’

  • বেবিচক