সাইবার হামলা মোকাবেলায় দেশের বিমানবন্দরগুলোতে সতর্কতা জারি

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

লন্ডনের হিথ্রো, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দরে সাইবার হামলার ঘটনার পর বাংলাদেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে সাইবার নিরাপত্তা শক্তিশালী করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এর অংশ হিসেবে সংস্থাটি গত সপ্তাহে দেশজুড়ে সব বিমানবন্দরে সতর্কতা জারি করেছে।

সম্প্রতি বিমানবন্দরগুলোকে ১০টি বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে। বেবিচকের পরিকল্পনা ও পরিচালনা বিভাগের সদস্য এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান স্বাক্ষরিত নির্দেশনাপত্রটি দেশের সব বিমানবন্দর প্রধান ও সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

বেবিচকের এক দায়িত্বশীল কর্মকর্তা চিঠির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

চিঠিতে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে সম্প্রতি সাইবার হামলা হয়েছে। বাংলাদেশে বিমান পরিবহন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে। এজন্য শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, সন্দেহজনক ই-মেইল ও লিংক থেকে বিরত থাকা, সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট রাখা, পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা, অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত অ্যাপ ইনস্টল না করা এবং মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (এমএফএ) ব্যবহারসহ মোট ১০টি নির্দেশনা মানার তাগিদ দেওয়া হয়েছে।

এরইসাথে, কোনো সাইবার নিরাপত্তা–সংক্রান্ত সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে বেবিচকের সিএএবি সার্ট টিম, আইটি বিভাগ এবং জাতীয় সাইবার ইন্সিডেন্ট রেসপন্স টিমকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বেবিচক সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সাইবার হামলার ঝুঁকি এবং তা প্রতিরোধের পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে বলা হয়, লন্ডনের কিছু বিমানবন্দরে সাইবার হামলার কারণে ফ্লাইট পরিচালনা বন্ধ করতে হয়েছিল। এই ঘটনা বিবেচনা করে বাংলাদেশেও আগাম সতর্কতা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় আরও জানানো হয়, সম্প্রতি বেবিচকের ওয়েবসাইট সাইবার হামলার শিকার হয়েছিল। এ পরিস্থিতিতে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি জরুরি ভিত্তিতে বেবিচকের সাইবার ঝুঁকি মূল্যায়নের পরামর্শ দেয়। সেই অনুযায়ী দ্রুত একটি অভিজ্ঞ প্রতিষ্ঠান নিয়োগের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

 

 

 

  • বিমানবন্দর
  • বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ
  • সাইবার হামলা