থার্ড টার্মিনালের ব্যয় বাড়লো ৮৪৭ কোটি টাকা

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১ ঘন্টা আগে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের ব্যয় তৃতীয় সংশোধনীতে প্রায় ৮৪৭ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এতে প্রকল্পটির মোট ব্যয় বেড়ে দাঁড়াবে ২২ হাজার ২১৩ কোটি ১০ লাখ টাকা। একই সঙ্গে প্রকল্পের মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় ১২টি প্রকল্পের সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের তৃতীয় সংশোধনী প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় অনুমোদিত ১২টি প্রকল্পের মোট ব্যয় প্রায় ১৫ হাজার ৭১৩ কোটি টাকা।

পরিকল্পনা মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের মূল ব্যয় ছিল ১৩ হাজার ৬১০ কোটি টাকার বেশি। প্রথম সংশোধনীর পর প্রকল্পটির ব্যয় বাড়ে এবং দ্বিতীয় সংশোধনীতে তা দাঁড়ায় ২১ হাজার ৩৬৫ কোটি ৫২ লাখ টাকা।

তৃতীয় সংশোধনীতে প্রকল্পটির ব্যয় ২২ হাজার ২১৩ কোটি ১০ লাখ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ দ্বিতীয় সংশোধিত ব্যয়ের তুলনায় এবার প্রকল্প ব্যয় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে ৮৪৭ কোটি ৫৮ লাখ টাকা।

২০১৬ সালের জুলাইয়ে শুরু হওয়া প্রকল্পটির মূল মেয়াদ ছিল ২০২২ সালের জুন পর্যন্ত। পরে কয়েক দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়। এবার তৃতীয় সংশোধনীতে মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

তৃতীয় সংশোধনী অনুযায়ী, প্রকল্পে সরকারের অর্থায়ন ধরা হয়েছে ৫ হাজার ১১৫ কোটি ৯৭ লাখ টাকা। আর প্রকল্প ঋণ হিসেবে ধরা হয়েছে ১৭ হাজার ৯৭ কোটি ১২ লাখ টাকা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ ও সংশ্লিষ্ট সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

  • travel based first digital media
  • থার্ড টার্মিনাল
  • ব্যয় বৃদ্ধি
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর