কক্সবাজার বিমানবন্দরে ‘সিকিউরিটি কালচার ইন এভিয়েশন’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি সিভিল এভিয়েশন একাডেমির তত্ত্বাবধানে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবাল। এছাড়া বেবিচক, বাংলাদেশ বিমান বাহিনী, বিভিন্ন এয়ারলাইন্স, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং বিমানবন্দরে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেন।
কর্মশালায় এভিয়েশন সিকিউরিটি কালচারের গুরুত্ব, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ, ঝুঁকি নিরূপণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, মানবসম্পদ উন্নয়ন এবং নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা বলেন, একটি শক্তিশালী নিরাপত্তা সংস্কৃতি গড়ে তুলতে সংশ্লিষ্ট সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত, সচেতন ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এ ধরনের উদ্যোগ দেশের এভিয়েশন নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত ও কার্যকর করতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
