ডিসি সম্মেলনে নোয়াখালীতে আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের প্রস্তাব

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ২ ঘন্টা আগে

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে নোয়াখালীতে আন্তর্জাতিক মানের একটি বিমানবন্দর নির্মাণের প্রস্তাব উঠেছে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে।

আগামীকাল রোববার (৩ মে) শুরু হতে যাওয়া চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে এসব প্রস্তাব নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন সরকারের নীতিনির্ধারকেরা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মেলন চলবে ৬ মে পর্যন্ত।

সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে পুরো অঞ্চলের অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থা এবং বিনিয়োগ পরিবেশে  আসতে পারে বড় ধরনের পরিবর্তন।

প্রস্তাবনায় বলা হয়েছে, নোয়াখালীর কৌশলগত ভৌগোলিক অবস্থান কাজে লাগিয়ে একটি আধুনিক বিমানবন্দর নির্মাণ করা হলে চট্টগ্রাম ও কক্সবাজার-কেন্দ্রিক বিমান চলাচলের ওপর চাপ কমবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন গন্তব্যে প্রবাসী যাত্রীদের জন্য সরাসরি ফ্লাইট চালুর সুযোগ সৃষ্টি হবে, যা দেশের রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জও রয়েছে। বিশেষ করে জমি অধিগ্রহণ, পরিবেশগত প্রভাব মূল্যায়ন এবং প্রয়োজনীয় অর্থায়নের বিষয়গুলো যথাযথভাবে বিবেচনা করা জরুরি বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, গেল বছরের এপ্রিলে নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের দাবিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছিল জেলা প্রশাসন।

  • travel based first digital media
  • ডিসি সম্মেলন
  • নোয়াখালী
  • বিমানবন্দর
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া