বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) পুনর্গঠিত গভর্নিং বডির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন পর্যটন ব্যবসায়ী ও ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) প্রতিনিধি ড. মো. তসলিম আমিন শোভন।
গত ২৫ নভেম্বর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ মনোনয়নের কথা জানানো হয়। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আইন, ২০১০-এর ৮ ধারা অনুযায়ী বোর্ডটির গভর্নিং বডি পুনর্গঠন করা হয়েছে।
ড. মো. তসলিম আমিন শোভন বেসরকারি পর্যটন প্রতিষ্ঠান ইনোগ্লোব ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। এর আগে টোয়াবের ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদে পরিচালক (বাণিজ্য ও মেলা) হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
নতুন দায়িত্ব প্রসঙ্গে ড. মো. তাসলিম আমিন শোভন বলেন, টোয়াবের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের গভর্নিং বডিতে যুক্ত হওয়া তাঁর জন্য সম্মানের পাশাপাশি বড় দায়িত্বের বিষয়। এ মনোনয়নের মধ্য দিয়ে দায়িত্ব আরও বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশের পর্যটন শিল্পের উন্নয়ন, বিদ্যমান সম্ভাবনাকে কাজে লাগানো এবং পর্যটন খাতের বেসরকারি উদ্যোক্তাদের স্বার্থ ও প্রত্যাশা নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরতে তিনি কাজ করতে চান।
তিনি আরও বলেন, বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা, পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং এ খাতের টেকসই বিকাশে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদার করা প্রয়োজন।
সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের গভর্নিং বডিতে টোয়াবের প্রতিনিধির অন্তর্ভুক্তি দেশের পর্যটন খাতের বেসরকারি উদ্যোক্তাদের মতামত ও অভিজ্ঞতা নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরার সুযোগ তৈরি করবে। এর মাধ্যমে দেশের পর্যটন শিল্পের উন্নয়ন ও আন্তর্জাতিক ব্র্যান্ডিং কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
