দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ও কেপটাউনের সঙ্গে বাংলাদেশের সরাসরি বিমান যোগাযোগ চালুর বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বুধবার সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার অনিল সুকলালের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
বৈঠকে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে বিমান যোগাযোগ সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এ সময় দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে দেশটিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়।
জবাবে মন্ত্রী বলেন, দক্ষিণ আফ্রিকায় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি বসবাস করেন। তাঁদের যাতায়াত আরও সহজ করতে জোহানেসবার্গ ও কেপটাউনের সঙ্গে বিমান যোগাযোগ বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এসব রুটে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করবে।
বৈঠকে পর্যটন খাতের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। মন্ত্রী বলেন, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করার যথেষ্ট সম্ভাবনা রাখে। দুই দেশের পর্যটন খাতের উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক পর্যটক আদান-প্রদান বৃদ্ধির ওপর তিনি গুরুত্বারোপ করেন।
এদিকে, দুই দেশের পর্যটন খাতের উন্নয়নে সমন্বয়, অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা জোরদার করতে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষ আশা প্রকাশ করে, বিমান যোগাযোগ সম্প্রসারণ এবং পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতার এসব উদ্যোগ বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় ও গতিশীল করবে।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসিসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দক্ষিণ আফ্রিকা হাইকমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
