বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়ন, বিনিয়োগ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা জোরদার করতে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ। কানাডার মন্ট্রিলে আইকাওর ৪৩তম বিশেষ অধিবেশনের সাইডলাইনে সংস্থাটির মহাসচিব হুয়ান কার্লোস সালাজার গোমেজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
শুক্রবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও আইকাওয়ের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়ন, বিনিয়োগ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, পরিবেশগত টেকসই উন্নয়ন এবং নতুন প্রযুক্তির ব্যবহার নিয়ে গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে আইকাও মহাসচিব বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে সংস্থাটির সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা আরও বাড়ানোর আহ্বান জানান তিনি। পরিবেশগত টেকসই উন্নয়ন ও ‘অ্যাডভান্সড এয়ার মোবিলিটি’র সম্ভাবনার কথা তুলে ধরে এসব নতুন ক্ষেত্রে বাংলাদেশকে কাজ করার উৎসাহ দেন মহাসচিব।
এ সময় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন মন্ত্রী। বিশেষ করে কারিগরি দক্ষতা উন্নয়ন, বিমান চলাচলের নিরাপত্তা তদারকি, পরিদর্শকদের প্রশিক্ষণ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে আইকাওয়ের সহযোগিতা কামনা করেন তিনি।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার বিমান চলাচল খাতের উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ খাতকে এগিয়ে নিতে প্রয়োজনীয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
বৈঠকে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং নিরাপদ, সুরক্ষিত, দক্ষ ও টেকসই বৈশ্বিক বিমান চলাচল ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশ ও আইকাওয়ের অভিন্ন অঙ্গীকারের বিষয়টি উঠে আসে।
এ সময় কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. জসীম উদ্দিনসহ দুই পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
