শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের প্রস্তাবিত শর্তাবলি অনুমোদন দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। মঙ্গলবার (১১ নভেম্বর) বেবিচকের পরিচালনা পর্ষদের সভায় বিস্তারিত পর্যালোচনা শেষে এসব শর্ত অনুমোদন করা হয়। চূড়ান্ত অনুমোদনের জন্য শর্তাবলি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
বেবিচকের নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জাপানি কনসোর্টিয়ামের প্রস্তাবিত শর্তাবলির চারটি বিষয় নিয়ে শুরুতে দুই পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়। তবে শেষ পর্যন্ত এসব শর্ত অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শর্তগুলোর মধ্যে রয়েছে, গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমের সার্বিক দায়দায়িত্ব ও ঝুঁকি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে বহন করতে হবে। অর্থাৎ থার্ড টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি অংশীদারদের হাতে থাকলেও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব ও সংশ্লিষ্ট ঝুঁকি বহন করতে হবে বিমানকে। এ কার্যক্রম থেকে বিমান আর্থিকভাবে কোনো অংশ পাবে কি না, সে বিষয়েও সরকারের নিশ্চয়তা চাওয়া হয়েছে।
দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় রাজস্ব ভাগাভাগি। পূর্বনির্ধারিত চুক্তি অনুযায়ী, বিদেশি অপারেটরদের বাংলাদেশকে ২৭ শতাংশ রাজস্ব দেওয়ার কথা ছিল। তবে অপারেশনাল প্রস্তুতি পর্বের (ওপিসিটি) আট মাসের জন্য তারা সাড়ে ১৩ শতাংশ রাজস্ব দেওয়ার প্রস্তাব করেছে। ফলে এ সময়ে নির্ধারিত হারের তুলনায় রাজস্ব কম পাওয়ার বিষয়টি আলোচনায় আসে।
তৃতীয় বিষয়টি আইনি সুরক্ষা ও দায়মুক্তি নিয়ে। জাপানি পক্ষ চুক্তির আওতায় বিশেষ আইনি সুবিধা ও দায়মুক্তি চেয়েছে। তবে বাংলাদেশের অবস্থান ছিল, বিদেশি বিনিয়োগকারী বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের জন্য সরকার ভবিষ্যতে কোনো সাধারণ আইন প্রণয়ন কিংবা বিদ্যমান আইন পরিবর্তন করলে তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। দেশের সাধারণ আইন ও আইনি পরিবর্তনের বাইরে কোনো প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিতে রাজি নয় সরকার।
অন্যদিকে, জাপানি পক্ষের দাবি, বাংলাদেশের সাধারণ আইনি পরিবর্তন তাদের ওপর কার্যকর করা যাবে না। এ ক্ষেত্রে বিশেষ আইনি সুরক্ষা ও ছাড় দেওয়ার প্রস্তাব দেয় তারা।
চতুর্থ বিষয়টি হলো, প্রকল্পের ত্রুটি শনাক্ত ও সংশোধনের জন্য নির্ধারিত সময়সীমা বা ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড (ডিএলপি)। এ সময়সীমা ১২ মাস নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। বেবিচকের আপত্তি থাকা সত্ত্বেও জাপানি পক্ষের এ প্রস্তাব সরকার অনুমোদন করেছে বলে জানা গেছে।
এ ছাড়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে আগামী ১৫ বছর কোনো প্রতিযোগী বেসামরিক বিমানবন্দরের বাণিজ্যিক কার্যক্রম চালু না করার শর্তেও সম্মত হয়েছে বেবিচক।
নাম প্রকাশ না করার শর্তে বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সরকারের পক্ষ থেকে চারটি বিতর্কিত শর্ত অনুমোদনের পর মঙ্গলবারের বোর্ড সভায় সেগুলো অনুমোদন দেওয়া হয়েছে। এখন শর্তগুলো চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর পূর্ণাঙ্গ চুক্তি সম্পাদনের প্রক্রিয়া শুরু হবে।
তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চূড়ান্ত চুক্তি সম্পন্ন হবে।
