তুরস্কের পর্যটক ও বিনিয়োগ আকর্ষণে উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ২ দিন আগে

বাংলাদেশের পর্যটন খাতে তুরস্কের পর্যটক আকর্ষণ এবং দেশটির বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে বৈঠক করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি)। এ লক্ষ্যে বিটিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন তুরস্কের কোনিয়া অঞ্চলে বাংলাদেশের অনারারি কনসাল ডেনিজ বুলকুর।

রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পর্যটন খাতের বর্তমান অগ্রগতি, ভবিষ্যৎ সম্ভাবনা এবং বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পর্যটনবিষয়ক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্রসৈকত, পাহাড়, বনাঞ্চল এবং ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনসহ বিভিন্ন পর্যটন আকর্ষণ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে তুরস্কের পর্যটকদের কাছে বাংলাদেশকে আকর্ষণীয় ভ্রমণ গন্তব্য হিসেবে পরিচিত করার বিষয়ে আলোচনা করেন দুই পক্ষ।

এ সময় বাংলাদেশের পর্যটন খাতের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন ডেনিজ বুলকুর। তুরস্কের পর্যটকদের বাংলাদেশ ভ্রমণে উৎসাহিত করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, দেশটির মানুষের কাছে বাংলাদেশের পর্যটন সম্ভাবনা ও আকর্ষণীয় গন্তব্যগুলো আরও কার্যকরভাবে তুলে ধরার সুযোগ রয়েছে।

বৈঠকে বাংলাদেশের পর্যটন অবকাঠামো, হোটেল ও রিসোর্টসহ সংশ্লিষ্ট বিভিন্ন খাতে তুর্কি বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এসব খাতে তুরস্কের বিনিয়োগকারীদের অংশগ্রহণের সুযোগ ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন তারা।

বিটিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের নির্দেশক্রমে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পর্যটনমন্ত্রী ও সচিবের পরামর্শ এবং নির্দেশনায় দেশের পর্যটন খাতের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা, বিদেশি পর্যটক আকর্ষণ এবং পর্যটন খাতে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে কাজ করছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। এ ক্ষেত্রে আন্তর্জাতিক যোগাযোগ ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিভিন্ন দেশের সঙ্গে পর্যটন সম্পর্ক জোরদার হলে বিদেশি পর্যটক আগমনের সুযোগ বাড়ার পাশাপাশি নতুন বিনিয়োগের ক্ষেত্রও তৈরি হবে।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় পর্যটন খাতেও সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। তুরস্কের পর্যটকদের কাছে বাংলাদেশকে আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরা এবং এ দেশের পর্যটন শিল্পে তুর্কি বিনিয়োগ আকৃষ্ট করতে ভবিষ্যতেও পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন দুই পক্ষ।

  • travel based first digital media
  • তুরস্ক
  • পর্যটন
  • বাংলাদেশ ট্যুরিজম বোর্ড
  • বিটিবি
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া