পর্যটন প্রচারে অবদান, সম্মাননা পেলেন কনটেন্ট ক্রিয়েটর ইমরুল কাওসার ইমন

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৯ ঘন্টা আগে

শুক্রবার (৬ অক্টোবর) পর্যটন নগরী কক্সবাজারের সি ওয়ার্ল্ড হোটেলে সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

ইমরুল কাওসার ইমন তাঁর তৈরি একটি ভিডিওতে কক্সবাজারের মনখালী গ্রামকে ‘কক্সবাজারের সুইজারল্যান্ড’ হিসেবে তুলে ধরেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ব্যাপক সাড়া ফেলে এবং দ্রুত ভাইরাল হয়। এরপর থেকেই স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের কাছে জায়গাটি ‘কক্সবাজারের সুইজারল্যান্ড’ নামে পরিচিতি পেতে শুরু করে। পাশাপাশি এলাকাটিতে পর্যটকদের আনাগোনাও দিন দিন বাড়ছে।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। বিশেষ অতিথি ছিলেন বাশার গ্রুপের চেয়ারম্যান ও সিইও আলহাজ এম. এ. বাশার আবু এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপের নির্বাহী পরিচালক মো. গোলাম ফারুক মজনু।

পর্যটন সম্ভাবনাময় স্থানগুলোকে সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে দেশীয় পর্যটনশিল্পের বিকাশে অবদান রাখার স্বীকৃতি হিসেবেই ইমরুল কাওসার ইমনকে এ সম্মাননা দেওয়া হয়।

  • পর্যটন
  • সর্বশেষ