বেসামরিক বিমান পর্যটন ও ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ ও বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বেসামরিক বিমান পর্যটন ও ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গত বুধবার(৪ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপদেষ্টা বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জাপানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশের প্রতি সার্বিক সহযোগিতা অব্যাহত রাখায় ধন্যবাদ জানান। বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণে জাপানের অংশগ্রহণ ও অবদানের কথা তুলে ধরেন এবং আগামী দিনগুলোতে বাংলাদেশের অ্যাভিয়েশন সেক্টরে আরও সহযোগিতার আহ্বান জানান।
জাপানের রাষ্ট্রদূত ঢাকা-টোকিও বিমান যোগাযোগ ও দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি ও পর্যটন সেক্টরের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এসময় তিনি বাংলাদেশের মানুষের উষ্ণ আতিথেয়তার কথা উল্লেখ করেন।
সাক্ষাতকালে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুন নাসের খান এবং জাপানে দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি কায়াই হিরোশি।
