আন্তর্জাতিক এয়ার ট্রাফিক কন্ট্রোলার দিবস পালিত

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

২০ অক্টোবর(সোমবার) এটিসিএবি দিবসটি যথাযোগ্য ও উৎসবমুখরভাবে উদযাপনে রাজধানীর রাওয়া কমপ্লেক্সের স্কাইলাইন রেস্টুরেন্টে একটি অনুষ্ঠানের আয়োজন করে। এখানে দেশের বিভিন্ন বিমানবন্দর, রাডার ও এরিয়া কন্ট্রোল সেন্টার থেকে আসা কন্ট্রোলাররা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা ব্যবস্থাকে আধুনিকায়ন, টিমওয়ার্ক এবং ধারাবাহিক প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেন।
বক্তারা বলেন, বাংলাদেশের দ্রুত বিকাশমান এভিয়েশন খাতে নিরাপদ আকাশসীমা নিশ্চিত করতে কন্ট্রোলারদের পেশাদারিত্ব ও সতর্কতা অনন্য ভূমিকা রাখছে।

তারা স্টেট অব দ্য আর্ট সিএনএস-এটিএম রাডার সিস্টেম চালু হওয়া এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন এটিসি টাওয়ার ভবন উদ্বোধন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন সম্প্রসারণের বিষয়ে পরামর্শ দেন বক্তারা, যাতে দেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোন এলাকা অন্তর্ভুক্ত হয়, প্রয়োজনে দুটি পৃথক এফআইআর প্রতিষ্ঠারও আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটিক্যাব-এর সভাপতি এম. এ. আক্কাস, সাধারণ সম্পাদক উইং কমান্ডার (অবসরপ্রাপ্ত) এ টি এম নজরুল ইসলাম (অব.) এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচকের সদস্য (এটিএম) এয়ার কমোডর মো. নূর-এ-আলম।

আয়োজিত অনুষ্ঠানে সেমিনার, সাংস্কৃতিক পর্ব এবং কর্মীদের সম্মাননা দেওয়া হয়। এসময় আন্তর্জাতিক সহযোগিতা এবং এয়ার ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তিগত অগ্রগতির বিষয়েও আলোচনা হয়।

অনুষ্ঠানটি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচকের সহ-আয়োজনে এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স, এয়ার অ্যাস্ট্রা, নভোএয়ার, হোটেল শেরাটন ও দ্য বাংলাদেশ মনিটরের অংশীদারত্বে অনুষ্ঠিত হয়।

  • এয়ার ট্রাফিক কন্ট্রোলার