অ্যাভিয়েশন নিরাপত্তা সংস্কৃতির উন্নয়ন এবং চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা জোরদার করার লক্ষ্যে তিন দিনব্যাপী ‘অ্যাভিয়েশন নিরাপত্তা সপ্তাহ-২০২৬’ শুরু হয়েছে। আজ (১৩ অক্টোবর) দুপুর ১২টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে সপ্তাহব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নুর হোসেন।
বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও সুসংহত করা এবং সংশ্লিষ্ট সকলের মধ্যে নিরাপত্তাবিষয়ক সচেতনতা ও দায়িত্বশীলতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
অ্যাভিয়েশন নিরাপত্তা সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিমানবন্দরের নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা শাখা, বাংলাদেশ বিমানবাহিনীর টাস্কফোর্স, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), আনসার এবং বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সদস্যরা। এ সময় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা গেছে, ১৩ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বিমানবন্দরের নিরাপত্তা সংশ্লিষ্ট অংশীজনদের প্রত্যক্ষ অংশগ্রহণে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ধারাবাহিকভাবে নিরাপত্তাবিষয়ক ব্রিফিং ও মহড়া অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে জনসমাগম নিয়ন্ত্রণ (ক্রাউড কন্ট্রোল), যানবাহন নিয়ন্ত্রণ (ভেহিকেল কন্ট্রোল) এবং বিমানবন্দরের নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশাধিকার ব্যবস্থাপনা (অ্যাকসেস কন্ট্রোল) বিষয়ক মহড়া।
এসব মহড়া ও ব্রিফিংয়ের মাধ্যমে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনায় নিয়োজিত বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধি, দায়িত্ব পালনে দক্ষতা উন্নয়ন এবং সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অ্যাভিয়েশন নিরাপত্তা সপ্তাহ পালনের মধ্য দিয়ে বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী, যাত্রী এবং বিমানবন্দর ব্যবহারকারীদের মধ্যে নিরাপত্তাবিষয়ক সচেতনতা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
