ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছিনতাইয়ের চেষ্টাকালে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ভুক্তভোগীর ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশাদ খানের ফেসবুক পোস্টের তথ্য অনুযায়ী, বিমানবন্দরে ছিনতাইয়ের চেষ্টাকালে আনসার সদস্যের সহায়তায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়। পরে অভিযুক্তের স্বীকারোক্তি ও সাক্ষীদের সাক্ষ্যের ভিত্তিতে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ফেসবুক পোস্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশাদ খান বিমানবন্দরের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সদস্যদের ভূমিকার প্রশংসা করেন। তিনি জানান, বিমানবন্দরে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বিমানবাহিনী, এভসেক, গোয়েন্দা পুলিশ ও আনসার সদস্যরা নিয়মিত অপরাধ প্রতিরোধে কাজ করছেন।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, সীমিত অবকাঠামো ও জায়গার তুলনায় বিপুলসংখ্যক যাত্রীর চলাচলের কারণে বিমানবন্দরে অপরাধের ঝুঁকি তৈরি হয়। এ অবস্থায় সব অপরাধ পুরোপুরি নির্মূল করা কঠিন হলেও অপরাধ প্রতিরোধ এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই সংশ্লিষ্ট টিমের মূল লক্ষ্য।
বিমানবন্দরে যাত্রীদের নিরাপদ চলাচল, প্রাপ্য সেবা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন তিনি। পাশাপাশি যেকোনো মতামত ও অভিযোগ জানাতে বিমানবন্দর হটলাইন ১৩৬০০ নম্বরে যোগাযোগের আহ্বান জানান।
