ইউএস-বাংলা এয়ারলাইন্সে দুই পদে ইঞ্জিনিয়ার নিয়োগ

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১৭ ঘন্টা আগে

এভিয়েশন খাতে প্রকৌশলীদের জন্য দুই পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। প্রতিষ্ঠানটির গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট (জিএসই) বিভাগে জিএসই মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ও জিএসই অপারেশন্স ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগ দেওয়া হবে।

বিমানবন্দরে উড়োজাহাজের পার্কিং, যাত্রী ওঠানামা, মালামাল পরিবহনসহ বিভিন্ন কাজে ব্যবহৃত গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার সঙ্গে যুক্ত থাকবেন নিয়োগপ্রাপ্ত প্রকৌশলীরা।

জিএসই মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারের দায়িত্বের মধ্যে থাকবে বিভিন্ন সরঞ্জামের নিয়মিত ও জরুরি রক্ষণাবেক্ষণ, ত্রুটি শনাক্তকরণ, মেরামত ও যন্ত্রাংশ পরিবর্তন। একই ধরনের ত্রুটি বারবার দেখা দিলে এর কারণ শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, সরঞ্জামের কার্যক্ষমতা ও ডাউনটাইম পর্যবেক্ষণ এবং রক্ষণাবেক্ষণের রেকর্ড সংরক্ষণও করতে হবে।

অন্যদিকে, জিএসই অপারেশন্স ইঞ্জিনিয়ার সরঞ্জামের ব্যবহার ও পরিচালনা, সংশ্লিষ্ট দলের সঙ্গে সমন্বয় এবং নিরাপদ ও দক্ষ অপারেশন নিশ্চিত করার দায়িত্ব পালন করবেন।

মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক, মেকাট্রনিকস, অটোমোটিভ অথবা ইলেকট্রোমেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। কারিগরি জ্ঞান, নিরাপত্তা সচেতনতা, দলগতভাবে কাজের সক্ষমতা ও সিদ্ধান্ত নেওয়ার দক্ষতাকে গুরুত্ব দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের engineeringjobs@usbair.com ঠিকানায় সিভি পাঠাতে হবে। ই-মেইলের বিষয় অংশে সংশ্লিষ্ট পদের নাম উল্লেখ করতে হবে। আবেদনের শেষ সময় ১১ অক্টোবর ২০২৬।

নিয়োগপ্রাপ্তরা দুটি উৎসব বোনাস, বিনা মূল্যে খাবার, দেশি-বিদেশি ফ্লাইটে ভ্রমণ সুবিধা এবং গ্রুপ স্বাস্থ্য ও জীবনবিমার সুবিধা পাবেন।

  • travel based first digital media
  • ইউএস-বাংলা এয়ারলাইন্স
  • নিয়োগ
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া