বিমানের টেকনিক্যাল ও ট্রেনিং বিভাগে পাইলটদের পদায়নে রদবদল
লেখক:
শাহানুর রহমান মুকুট প্রকাশ: ৪ ঘন্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঁচ পাইলটকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বদলি ও নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। কর্তৃপক্ষের অনুমোদনের পর প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালন শাখা থেকে জারি করা পৃথক অফিস আদেশে এ বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, লাইন পাইলট মোহাম্মদ আব্দুর রহমান আহমেদকে ডেপুটি চিফ অব ট্রেনিং, ডেপুটি চিফ অব ট্রেনিং সালেক আলেদীনকে ডেপুটি চিফ অব টেকনিক্যাল এবং ডেপুটি চিফ অব টেকনিক্যাল আনিতা রহমানকে লাইন পাইলট পদে পদায়ন করা হয়েছে।
অন্য এক অফিস আদেশে চিফ অব টেকনিক্যাল অপারেশনস তানভীর খুরশিদকে লাইন পাইলট হিসেবে এবং লাইন পাইলট গোলাম কায়সার রাশেদীনকে চিফ অব টেকনিক্যাল অপারেশনস পদে বদলি ও পদায়ন করা হয়েছে।
গত ১৯ আগস্ট জারি করা পৃথক অফিস আদেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন পদে দায়িত্ব গ্রহণ ও কর্মস্থলে যোগদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে আদেশগুলো তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।
বিমানের পরিচালক, মহাব্যবস্থাপক, চিফ, প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে এসব বদলি ও পদায়নের সিদ্ধান্তের বিষয়ে অবহিত করা হয়েছে।