দ্রুত কার্গো খালাসে এআই ব্যবহারের পরিকল্পনা সরকারের

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ২১ ঘন্টা আগে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম আজ জানিয়েছেন, বিমানবন্দরে কার্গো খালাসের কার্যক্রম আরও দ্রুত ও দক্ষ করতে এবং দেশের এভিয়েশন খাতকে আধুনিকায়নের অংশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) উন্নত প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার। প্রযুক্তি ব্যবহারে আমরা অনুসরণকারী নয়, বরং নেতৃত্বের অবস্থানে যেতে চাই, তাই দ্রুত কার্গো খালাসে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার দেশের এভিয়েশন খাতে নতুন মাত্রা যোগ করবে বলে জানান মন্ত্রী।

বিমানবন্দরে কার্গো হ্যান্ডলিংয়ের বিদ্যমান সমস্যা সমাধানে স্থায়ী ও অস্থায়ী ওয়্যারহাউজ নির্মাণের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

আফরোজা খানম বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আরও নিরাপদ, আধুনিক ও কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তরে সম্মিলিত প্রচেষ্টা চলছে, যেখানে দীর্ঘদিনের কারিগরি ও অবকাঠামোগত সমস্যা সমাধানকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।’ কার্গো হ্যান্ডলিং সক্ষমতা বাড়াতে স্থায়ী ও অস্থায়ী ওয়্যারহাউজ নির্মাণের কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

এ ছাড়া আমদানিকৃত পণ্য দ্রুত শনাক্তকরণের সুবিধার্থে একটি এআইভিত্তিক মডেল তৈরি, ওষুধসহ সংবেদনশীল পণ্যের আমদানি-রপ্তানি কার্যক্রম গতিশীল করতে কোল্ড স্টোরেজ অবকাঠামো গড়ে তোলা এবং গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য প্রয়োজনীয় নির্দেশিকা প্রণয়নের বিষয়েও সভায় আলোচনা হয়। পাশাপাশি, কার্গো বিমানবন্দরে পৌঁছানোর পর আমদানিকারকদের কাছে দ্রুততম সময়ে আগমনী নোটিশ পৌঁছে দেওয়ার কার্যকর ব্যবস্থা নিশ্চিত করার বিষয়টিও আলোচনায় আসে।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বিমানবন্দরের অবকাঠামো তৈরি ও ব্যবস্থাপনার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, আর আমদানি-রফতানি পণ্যের বৈধতা, প্রয়োজনীয় ঘোষণা ও কাগজপত্র এবং শুল্ক-সংক্রান্ত বিষয় নিশ্চিত করা কাস্টমসের দায়িত্ব।

তিনি বলেন, ‘ওয়্যারহাউজ নির্মাণ ও অবকাঠামো ব্যবস্থাপনা কাস্টমসের মূল দায়িত্বের মধ্যে পড়ে না। প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করে দেওয়া হলে কাস্টমস সেখানে তাদের কার্যক্রম পরিচালনা করবে, তিনি বলেন, একইসঙ্গে কার্গো হ্যান্ডলিং সক্ষমতা বাড়াতে অবকাঠামোগত সমস্যার দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।’ বিষয়টি সরাসরি তার মন্ত্রণালয়ের আওতাভুক্ত না হলেও কার্যকর বিমানবন্দর কার্গো ব্যবস্থাপনা দেশের বাণিজ্য ও রফতানি কার্যক্রমের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত বলেও জানান তিনি।

সভায় বাণিজ্য সচিব মো. আতাউর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব ফাহমিদা আখতার, এনডিসি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • travel based first digital media
  • কার্গো খালাস
  • কার্গো হ্যান্ডলিং
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া