সিঙ্গাপুরে ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ২১ ঘন্টা আগে

সিঙ্গাপুরে কর্মরত বাংলাদেশের প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা জানাতে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’। দৈনিক বণিক বার্তা ও সিঙ্গাপুরের থ্যাকরাল গ্রুপের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অর্থনীতিতে বিশেষ অবদান রাখা প্রবাসী বাংলাদেশিদের সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি। এতে বাংলাদেশ ও সিঙ্গাপুরের সরকারি ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা এবং সিঙ্গাপুরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের দেশের অর্থনীতি ও উন্নয়নে অবদানের জন্য গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানান। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের গর্ব ও শক্তি। তাঁদের কঠোর পরিশ্রম একদিকে পরিবারের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে, অন্যদিকে দেশের অর্থনীতির ভিতকে আরও শক্তিশালী করছে।

তিনি জানান, বর্তমানে প্রায় ১ লাখ ৫০ হাজার বাংলাদেশি সিঙ্গাপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে কর্মরত রয়েছেন। ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশে প্রায় ৩৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে সিঙ্গাপুর থেকে এসেছে প্রায় দেড় বিলিয়ন মার্কিন ডলার।

বিদেশে কর্মসংস্থানের অভিবাসন ব্যয় কমানোর উদ্যোগের কথা তুলে ধরে শামা ওবায়েদ ইসলাম বলেন, অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের কারণে অনেক বাংলাদেশিকে জমিজমা বিক্রি করে ১০ থেকে ১৪ লাখ টাকা ব্যয়ে বিদেশে যেতে হয়। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এই ব্যয় সর্বোচ্চ তিন লাখ টাকার মধ্যে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে।

তিনি আরও বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ নীতি অবলম্বন করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিয়েছে। বিদেশে প্রতিষ্ঠিত প্রবাসী বাংলাদেশিদের শুধু রেমিট্যান্স প্রেরক হিসেবে নয়, বাংলাদেশে বিনিয়োগকারী ও উদ্যোক্তা হিসেবেও ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অভিবাসীদের সেবা ও সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবারের মতো একটি ডেডিকেটেড ‘মাইগ্রেশন উইং’ খোলা হয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ ওয়ার্কিং গ্রুপ হিসেবে কাজ করছে।

বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে জনশক্তি ও কর্মসংস্থান সহযোগিতা আরও সম্প্রসারিত হচ্ছে জানিয়ে তিনি বলেন, দক্ষতা উন্নয়ন, পুনঃকর্মসংস্থান, আন্তঃপ্রতিষ্ঠান স্থানান্তর এবং ন্যায্য কর্মপরিবেশ নিশ্চিত করতে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

অনুষ্ঠানে সিঙ্গাপুরে কর্মরত বাংলাদেশিদের পাঁচটি বিষয়ে বিশেষ অনুরোধ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এগুলো হলো—হুন্ডি পরিহার করে বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানো, সিঙ্গাপুরের আইন ও কর্মসংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীল থাকা, উগ্রবাদ ও বিদ্বেষমূলক প্রচারণা থেকে বিরত থাকা এবং ভিন্ন ভাষা ও ধর্মের মানুষের প্রতি সম্মান রেখে সামাজিক সম্প্রীতি বজায় রাখা। একই সঙ্গে নতুন প্রযুক্তি, কারিগরি জ্ঞান ও ভাষাগত দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

সম্প্রতি সিঙ্গাপুরে বেতন-বকেয়া ও কর্মসংস্থান হারানো বাংলাদেশি কর্মীদের সহায়তায় সিঙ্গাপুরের সংশ্লিষ্ট কূটনীতিক, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জনশক্তি মন্ত্রণালয়-এর সহযোগিতার জন্য ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে সিঙ্গাপুরে কর্মরত ১৫ জন অসাধারণ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি চারটি প্রতিষ্ঠান, দুইজন সিআইপি এবং সিঙ্গাপুরে বাংলাদেশভিত্তিক ব্যাংকগুলোর আওতাধীন শীর্ষস্থানীয় তিনটি এক্সচেঞ্জ হাউজকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী সম্মাননাপ্রাপ্তদের হাতে স্মারক তুলে দেন।

  • জনশক্তি মন্ত্রণালয়
  • প্রবাস
  • রেমিট্যান্স
  • সর্বশেষ