১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল উদ্বোধনে জাপানের সহযোগিতা চাইল বাংলাদেশ
লেখক:
শাহানুর রহমান মুকুট প্রকাশ: ৩ ঘন্টা আগে
চলতি বছরের ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্যে সরকার নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রস্তুতি এগিয়ে নিচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টাউনো ইয়োশিমাসা-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্যে সরকার কাজ করছে এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হবে।
সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, সম্ভাব্য উদ্বোধনের সময়সীমা সামনে রেখে তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতির অংশ হিসেবে দ্রুত Operational Readiness and Airport Transfer (ORAT) কার্যক্রম শুরু করা জরুরি। এজন্য জাপানিজ স্টেকহোল্ডার ওয়ার্কিং গ্রুপের (Japanese SWG) আগামী মাসের মধ্যে দরপত্র দাখিল সম্পন্ন হওয়া প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের অন্যতম পুরোনো ও বিশ্বস্ত উন্নয়ন অংশীদার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণেও জাপানি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। নির্ধারিত সময়ে টার্মিনালটি জনগণের জন্য উন্মুক্ত করতে তিনি জাপানের সার্বিক সহযোগিতা কামনা করেন।
বৈঠকে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে জাপানের অবদান নিয়ে আলোচনা হয়।
জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্পসহ চলমান বিভিন্ন উদ্যোগে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠক শেষে পুনরায় চালু হওয়া ঢাকা-নারিতা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনা উপলক্ষে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার হাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের একটি প্রতিকৃতি (মডেল) তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।