কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে গড়ে তোলা হবে: পর্যটনমন্ত্রী

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১১ ঘন্টা আগে

বিশ্বের দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন হাবে পরিণত করার পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, এমপি। এ লক্ষ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেলগুলোর আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের অর্থ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কক্সবাজার জেলার ভবিষ্যৎ সমন্বিত উন্নয়ন কর্মপরিকল্পনা পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

পর্যটনমন্ত্রী বলেন, কক্সবাজারের উন্নয়নে ইকো-ট্যুরিজম মডেল অনুসরণ করা হবে। একই সঙ্গে পর্যটন হাব হিসেবে কক্সবাজারকে গড়ে তুলতে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন শিগগিরই করা সম্ভব হবে বলে সরকার আশাবাদী। বিমানবন্দর চালু হলে বিদেশি পর্যটকদের কাছে কক্সবাজারের আকর্ষণ আরও বৃদ্ধি পাবে।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, পর্যটনমন্ত্রীর প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্য রেখে কক্সবাজারের জন্য একটি নতুন মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে। এই মাস্টারপ্ল্যানে কক্সবাজারকে আধুনিক পর্যটন হাব হিসেবে গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পাবে।

এ সময় মেরিন ড্রাইভে ভিজিটরস পয়েন্ট নির্মাণ এবং Blue Economy University প্রতিষ্ঠার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

সভা শেষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত অংশীজনের প্রস্তাবনা অন্তর্ভুক্ত করে কক্সবাজারকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ দ্রুত শুরু করার নির্দেশ দেন।

সভায় ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুসহ অর্থ বিভাগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • পর্যটন
  • পর্যটন মন্ত্রী
  • ভ্রমণ
  • সর্বশেষ